লাকসামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ
কুমিল্লার লাকসামে গতকাল মঙ্গলবার পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন জামায়াতের কর্মী আবু বকর (৩৪), শিবিরের কর্মী আনাছ (২০), ফখরুদ্দিন (২১), রায়হান (২২) ও সাইফুদ্দিন (২১)। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জোহরের নামাজ শেষে পৌর শহরের দৌলতগঞ্জ বাজারের দীঘিরপাড় জামে মসজিদ থেকে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের নোয়াখালী সড়ক হয়ে দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন জামে মসজিদের কাছাকাছি পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তাঁদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় জামায়াত-শিবিরের দুই কর্মী আহত হন। এ ঘটনার পর বিকেলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছাত্রলীগ একটি মিছিল বের করে। জামায়াত নেতাদের দাবি, এ সময় ছাত্রলীগের কর্মীরা শিবিরের এক কর্মীকে বাসা থেকে ধরে এনে এবং দুজনকে শহরের দৌলতগঞ্জ বাজারে একা পেয়ে বেধড়ক পেটান। তবে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. দলিলুর রহমান। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলার স্বার্থে মিছিল করতে দেওয়া হয়নি।