লাকসামে বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে প্রচারে যাওয়ার সময় সাবেক সাংসদ বিএনপি নেতা আনোয়ারুল আজিমের গাড়ি ভাঙচুর ও অপর এক নেতাকে লাঞ্ছিত করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজির আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনার প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা ফতেপুর এলাকায় সড়ক অবরোধ করেন। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি।
পৌর বিএনপির অন্তত তিনজন নেতা দাবি করেন, বিএনপির প্রার্থী শাহনাজ আক্তারের প্রচারণায় অংশ নেওয়ার জন্য গতকাল সকালে সাবেক সাংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল আজিম তাঁর গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর থেকে লাকসামে আসছিলেন। সকাল ১০টায় তাঁর ব্যক্তিগত গাড়িটি পৌরসভার গাজীমুড়া এলাকায় আসামাত্র উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খানের নেতৃত্বে একদল নেতা-কর্মী গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাঁরা লাঠিসোঁটা দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলেন।
এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর অনুসারীরা লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেয়র মজির আহমেদকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা মনোহরগঞ্জ-ফতেপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ প্রসঙ্গে ছাত্রলীগের নেতা সিহাব খান বলেন, ‘সাবেক সাংসদের গাড়ির ধাক্কায় গাজীমুড়া পশ্চিমপাড়া এলাকার বাহার মিয়া পড়ে যান। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসী তাঁর গাড়ি ভাঙচুর করে। আমি ওই ঘটনার সঙ্গে জড়িত নই।’
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘গাড়িবহরে বেশি লোকজন ছিল। ওই কারণে সেখানে ঝামেলা হয়েছে। ওই ঝামেলা থেকে সাবেক সাংসদের গাড়ি ভাঙচুর করা হয়।’
সাবেক সাংসদ ও বিএনপি নেতা আনোয়ারুল আজিম প্রথম অালোকে বলেন, ‘গতকাল গাজীমুড়া এলাকায় প্রচারণা চালাতে গেলে আমার গাড়ি ভাঙচুর করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই হামলা চালিয়েছেন।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, সাবেক সাংসদের গাড়িতে হামলার ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।