কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একদল নেতা-কর্মী হামলা চালিয়েছেন। এ সময় বিএনপির তিন নেতা-কর্মী ‘গুলিবিদ্ধ’ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন নেতা-কর্মী। হামলাকারীরা ৩০টি মোটরসাইকেলও পুড়িয়ে দেন। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের একটি কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।
গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ দাবি করেছে, স্বেচ্ছাসেবক লীগের দুজন কর্মীকে মারধর করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তাঁদের আটজন কর্মীও আহত হন।
রাত আটটায় কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ আনোয়ারুল আজিম। তিনি বলেন, গুলিবিদ্ধ তিনজন হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল্লা রায়হান, প্রচার সম্পাদক ইয়াছিন আলী ও ছাত্রদলের কর্মী মো. সুমন। তাঁদের কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুল্লা রায়হানের ডান পায়ে, ইয়াছিন আলীর কপালে ও বুকে এবং সুমনের পিঠে গুলিবিদ্ধ হয়েছে। আহত ২২ জন নেতা-কর্মী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ হামলাকারীরা তাঁর ওপরও হামলা করেন। তিনি হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পুলিশ, দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সাইফুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীরের জন্য গতকাল বিকেল চারটার দিকে পৌরসভার ফতেহপুর এলাকায় বিএনপির কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খানের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একটি দল বিএনপির কার্যালয়ে প্রবেশ করে। তারা প্রথমে কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিমকে ধাক্কা দেয়। পরে লাঠিসোঁটা দিয়ে আঘাত করে এবং পাশের রেললাইন থেকে পাথর এনে বিএনপির নেতা-কর্মীদের দিকে ছুড়তে থাকে। একপর্যায়ে পিস্তল উঁচিয়ে গুলি করা হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে বিএনপির নেতা-কর্মীদের উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে মহব্বত আলী প্রথম আলোকে বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা নিয়ে লাকসাম বাজারে যাচ্ছিলেন দলীয় নেতা-কর্মীরা। এ সময় গাজীমুড়া এলাকায় আনোয়ারুল আজিমের গাড়ির সামনে আমাদের দুজন কর্মীকে মারধর করা হয়। এরপর আমাদের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় আমাদের আটজন কর্মী আহত হন।’
পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘দলীয় কর্মসূচিতে হামলার পর আমাদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এ ছাড়া আমাদের নেতা-কর্মীদের অন্তত ৩০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।’ আওয়ামী লীগের কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা দলীয় কার্যালয়ে মিলাদ পড়ছিলাম। তখনই অতর্কিতভাবে হামলা চালানো হয়।’
নাম প্রকাশ না করার শর্তে লাকসাম থানার একজন উপপরিদর্শক (এসআই) বলেন, ‘পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আমরা কোনোভাবেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে আনতে পারছিলাম না। এঁদের ঠেকাতে গিয়ে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহত হন। তিনি একপর্যায়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন।’
ওসি মনোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি।