লাকসামে বিএনপির নিখোঁজ দুই নেতার সন্ধানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন পরও কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সাইফুল ইসলামের এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের কোনো সন্ধান মেলেনি। বিএনপির দুই নেতার সন্ধান এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে গতকাল শনিবার লাকসামে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন।
মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা (দক্ষিণ) বিএনপির সহসভাপতি সাবেক সাংসদ এম আনোয়ারুল আজিম। গতকাল শনিবার বেলা দুইটায় কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউ এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনেও ওই দুই নেতার সন্ধান ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবি করেন আনোয়ারুল আজিম।
লাকসামে মিছিলের আগে শহরের দৌলতগঞ্জ রেলস্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে এক সমাবেশ হয়। সমাবেশে আনোয়ারুল আজিম বলেন, ‘ওই দুই নেতার সন্ধানসহ গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি না দিলে সোমবার থেকে লাকসামে লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হবে।’ আজ রোববার থেকে লাকসাম ও মনোহরগঞ্জে অনির্দিষ্টকালের হরতাল কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। কেন্দ্র থেকে টানা অবরোধ কর্মসূচির ডাক দেওয়ায় দলটি হরতাল স্থগিত করে।
কুমিল্লা র‌্যাব-১১-এর অধিনায়ক মেজর মাসুদ রানা মুঠোফোনে বলেন, গত বুধবার রাতে র‌্যাবের একটি বিশেষ দল লাকসাম থেকে ১০ জনকে আটক করেছে। সাইফুল ইসলাম ও হুমায়ুন কবির নামে কাউকে র‌্যাব আটক করেনি।
কুমিল্লায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ারুল আজিম বলেন, গত বুধবার রাত সাড়ে ১০টায় অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লায় যাওয়ার পথে সাদাপোশাকধারী র‌্যাব সদস্য ও তাঁদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি বিএনপির দুই নেতাকে তুলে নিয়ে যান।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলামের ছোট বোন সেলিনা আক্তার বলেন, ‘আমার ভাই কোনো দিন ভিন্ন মতের কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি। জেলখানায় আছেন, না র‌্যাবের হেফাজতে রয়েছেন, আমরা তা জানতে চাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূর উল্লাহ রায়হান প্রমুখ।