কুমিল্লার লাকসামের দৌলতগঞ্জে একটি ডেমু ট্রেনের সঙ্গে বালুভর্তি ট্রাক্টরের সংঘর্ষ এবং একই ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় চার সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে গতকাল রোববার বিকেল পর্যন্ত তদন্তকারী দল লাকসামে আসেননি। পূর্বাঞ্চল রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) প্রধান করে এ কমিটি করা হয়েছে।
দুর্ঘটনা সম্পর্কে লাকসাম রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার (এসএম) দিদার হোসেন বলেন, ডেমু ট্রেনের দুই দিকেই ইঞ্জিন রয়েছে। ফলে ট্রাক্টরের সঙ্গে দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি পুনরায় লাকসাম জংশনে ফিরে যাচ্ছিল। এ সময় সামনের ইঞ্জিন ব্যবহার করলে হয়তো ওই স্কুলছাত্রটি দুর্ঘটনা থেকে রক্ষা পেত। সুষ্ঠু তদন্তের মাধ্যমেই দুর্ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।
দুর্ঘটনাকবলিত ডেমু ট্রেনের চালক আবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ‘এখন কথা বলা যাবে না বলে’ সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
লাকসাম রেলওয়ে থানার ওসি আহসান হাবীব বলেন, দুর্ঘটনার বিষয়ে ওই ট্রেনের পরিচালক (গার্ড) আবুল হোসেন এবং লাকসাম রেলওয়ে জংশনে কর্মরত রেল বিভাগের কর্মচারী আবু তাহের থানায় পৃথক দুটি মামলা করেছেন। পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
গত শনিবারের দুর্ঘটনার পর লাকসাম-নোয়াখালী রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক কর্মকর্তা কামরুজ্জামান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ডেমু ট্রেনটি পরিদর্শনে লাকসাম জংশন যান। তিনি জানান, যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ট্রেনটি দ্রুত মেরামতসহ ওই লাইনে পুনরায় চলাচলের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।