লাকসামে বিলুপ্তির পথে ৫৪ প্রজাতির মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলার নদী, খাল-বিল ও ডোবা থেকে ৫৪ প্রজাতির মাছ বিলুপ্তির পথে রয়েছে। জমিতে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার, খাল-বিল-ডোবা ভরাট করা, উন্মুক্ত জলাশয়ে বাঁধ নির্মাণ, কারখানার রাসায়নিক বর্জ্য পানিতে গিয়ে পড়া, অবৈধ কারেন্ট জালের ব্যবহারসহ মাছের বিচরণক্ষেত্র পরিবর্তনের কারণেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি। এরই মধ্যে কিছু মাছ পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে।মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মেঘনা ও ডাকাতিয়া নদী ছাড়াও কাঁকর, ঘাঘুর, নদনা, মেল্লা, রথিরজোরাসহ বেশ কিছু নদ-নদী ও খাল-বিল এই জেলার মাছের প্রধান উৎস। এসব জলাভূমির মাছ এলাকার চাহিদা মিটিয়ে দেশের অন্য স্থানে সরবরাহ করা হয়। একসময় স্থানীয় জলাভূমিতে দেশীয় মাছের প্রাচুর্য ছিল। এখন অনেক প্রজাতির মাছই আর তেমন দেখা যায় না। দেশীয় অনেক মাছ বিলুপ্তির কারণে স্থানীয় জেলেদের চরম দুর্দিন যাচ্ছে।সূত্র জানায়, বর্ষা মৌসুমে মা মাছগুলো ডিম ছাড়ে। কিন্তু ওই সময় একশ্রেণীর মৎস্য শিকারি এগুলো ধরায় ব্যস্ত থাকেন। এতে মাছের প্রজনন সীমিত হয়ে গেছে। তা ছাড়া অতি মুনাফার লোভে কতিপয় মৎস্য চাষি জলাশয় ইজারা নিয়ে কীটনাশক ব্যবহার করে মাছের বংশবিস্তার ধ্বংস করে ফেলছেন।লাকসাম মৎস্য কার্যালয় সূত্র জানায়, আগে দেশীয় প্রজাতির যেসব মাছ দেখা যেত, তার বেশ কিছু এখন বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত প্রজাতির এসব মাছের মধ্যে রয়েছে: নানদিয়া, রিঠা, বাচা, ছেনুয়া, গাওড়া, নাপতিনী, বুইতা ইত্যাদি। এ ছাড়া বাগাইড়, গোলসা, পাবদা, আইড়, নামাচান্দা, তারা বাইম, বড় বাইম, কালিবাউশ, দাঁড়কিনাসহ প্রায় ৫৪ প্রজাতির মাছ বিলুপ্তির পথে রয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গণসচেতনতা তৈরি করে জমিতে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধ, কারখানার বর্জ্য নিয়ন্ত্রণ এবং আইনের যথাযথ প্রয়োগ না করা গেলে বিপন্ন প্রজাতির মাছ টিকিয়ে রাখা সম্ভব হবে না।