লাকসামে মহানগর ট্রেনের যাত্রাবিরতি
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মহানগর প্রভাতী (৭২১ নম্বর আপ) ও মহানগর গোধূলী ট্রেন (৭২২ নম্বর ডাউন) গতকাল সোমবার থেকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে। এ অঞ্চলের যাত্রীসাধারণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই ট্রেনের যাত্রাবিরতি করা হয়।লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (এসএম) পিতুরঞ্জন ভূঁইয়া জানান, প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামগামী এই ট্রেন সন্ধ্যা সাতটা ৪৩ মিনিটে এবং চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সকাল নয়টা ৪০ মিনিটে লাকসাম জংশনে তিন মিনিট যাত্রাবিরতি করবে।লাকসাম রেলওয়ে জংশন টিকিট কাউন্টার সূত্রে জানা যায়, ওই ট্রেন দুটিতে যাত্রীদের জন্য লাকসাম থেকে শোভন চেয়ার শ্রেণীর ১৫টি করে মোট ৩০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ পথে চলাচলকারী অপর মহানগর ট্রেন (প্রভাতী ৭০৩ ও গোধূলী ৭০৪) এই স্টেশনে থামবে না। মহানগর ট্রেনটি ১৯৮৬ সালে চালু হওয়ার পর এই প্রথম লাকসাম জংশনে যাত্রাবিরতি করেছে।