লাকসামে মাইক্রোবাস খালে, মা-বাবা-ছেলেসহ নিহত ৫
কুমিল্লার লাকসাম পৌরসভার ছিলোনিয়া এলাকায় মাইক্রোবাস উল্টে খালে পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার রাত আনুমানিক একটা ৩০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চরবরিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. ইউনুছ মিয়া (৬১), তাঁর স্ত্রী সামুনা বেগম (৫৫), তাঁদের ছেলে ওমর ফারুক (৩২), জামাতা নোয়াখালীর সদর উপজেলার বারাইপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে লাতু মিয়া (৩৯) ও তাঁদের আত্মীয় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসুরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. নূরুন্নবী (২৮)।
মহাসড়ক পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিদেশ থেকে আসা এক আত্মীয়কে আনার জন্য লক্ষ্মীপুর থেকে মাইক্রোবাস নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন ইউনুছ মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের মাইক্রোবাসটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসামের ছিলোনিয়া এলাকার একটি সেতু অতিক্রম করার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে তলিয়ে যায়। এ সময় আশপাশের বাসিন্দারা মাইক্রোবাসটি উদ্ধারের জন্য কাজ শুরু করেন।
পরে খবর পেয়ে লাকসাম থানা–পুলিশ, লালমাই মহাসড়ক পুলিশ, কুমিল্লা ও লাকসাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে মাইক্রোবাস এবং এর পাঁচ যাত্রীর লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী এক চা দোকানদার বলেন, মাইক্রোবাসটি দ্রুত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
লালমাই মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল বলেন, সকাল আটটায় নিহতদের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য পুলিশ ফাঁড়িতে আসেন। এরপর তাঁরা কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশগুলো বাড়িতে নিয়ে যান। মাইক্রোবাসটি ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনই একই পরিবারের।