লাকসামে রেলপথে ঝুঁকিপূর্ণ বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে রেলপথ ঘেঁষে বাজার। সম্প্রতি তোলা ছবি । প্রথম আলো
কুমিল্লার লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে রেলপথ ঘেঁষে বাজার। সম্প্রতি তোলা ছবি । প্রথম আলো

কুমিল্লার লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ এলাকায় লাকসাম-নোয়াখালী রেলপথের ওপর নিয়মিত বসে সবজির হাট-বাজার। তা ছাড়া ওই এলাকার রেলপথ ঘেঁষে গড়ে উঠেছে বহু অবৈধ স্থাপনা। এতে রেলপথের ক্ষতি হচ্ছে। পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
লাকসাম রেলওয়ে থানা সূত্র জানায়, গত বছরের ১৭ আগস্ট দৌলতগঞ্জ বাজারের রেলগেট এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান পৌর শহরের উত্তর লাকসাম এলাকার বাসিন্দা চানাচুর বিক্রেতা সুধীর রঞ্জন সাহা (৫০)। একই বছর ৩১ মে একই স্থানে ট্রেনের ধাক্কায় মারা যান উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ফল ব্যবসায়ী আবুল কালাম (৫০)। এ ছাড়া জানুয়ারি ও মার্চে একই স্থানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা আরও দুজন প্রাণ হারান।
রেলওয়ের এক কর্মচারী জানান, রেললাইনের ওপর তরিতরকারি ও মাছ বিক্রেতারা নিয়মিত পানি ফেলায় স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে। তরকারির হাট বসায় ওই লাইনের প্রায় আড়াই হাজার গজ জায়গার পাথর সরে গেছে। ফলে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলছে ট্রেন।
গত বছরের ২৫ মে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ট্রেনে করে নোয়াখালী যান। নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা জানান, যোগাযোগমন্ত্রী আসার সংবাদে ওই সময় নামকাওয়াস্তে স্টেশনের আশপাশ পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু রেলের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং ক্ষমতাসীন দলের কিছু নেতার যোগসাজশে উচ্ছেদ হওয়া লোকজন আবারও জেঁকে বসেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানদার জানান, এখানে স্থাপনা তুলে ব্যবসা করতে রাজনৈতিক নেতা ও রেলওয়ের কিছু লোককে টাকা দিতে হয়েছে। তাঁরা দোকানপ্রতি দুই থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। এ ছাড়া ইজাদারকে খাজনাও দিতে হচ্ছে। তবে উচ্ছেদের ভয়ে টাকা নেওয়া রেলকর্মী ও রাজনৈতিক নেতাদের নাম প্রকাশে অপারগতা জানান দোকানদারেরা।
সামছুল হক নামের এক দোকানি বলেন, ‘সরকারি জায়গায় ব্যবসা করতে গেলে ঝক্কি-ঝামেলার তোয়াক্কা করে লাভ নেই। আজ মন্ত্রী, কাল রেলওয়ের অফিসার আসবেন। এই অজুহাতে আমাদেরও উচ্ছেদ করা হয়। কিছুদিন পর আবার লোকজনকে টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হয়।’
খাজনা আদায় সম্পর্কে ইজারাদার রবিউল হোসেন দাবি করেন, শহরের দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রেলগেট থেকে কবুতর বাজার এবং ব্যাংক রোড পর্যন্ত তাঁরা কয়েকজনে মিলে পৌরসভার কাছ থেকে ১৪ লাখ ৫৯ হাজার টাকায় ইজারা নিয়েছেন। তাই তাঁরা খাজনা আদায় করছেন।
পৌরসভার মেয়র মফিজুর রহমান বলেন, রেললাইন বা রেলওয়ের জায়গা তিনি ইজারা দেননি। তবে রেললাইন ও আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে পৌরসভা খাজনা নেয়। কারণ হিসেবে তিনি বলেন, ‘পৌর এলাকার যেকোনো স্থানে ব্যবসা করলে নিয়ম অনুযায়ী পৌরসভাকে খাজনা দিতে হবে।’
রেলওয়ের লাকসাম ভূমি কার্যালয়ের কানুনগো আবদুল হালিম ভূঁইয়া বলেন, ‘রেলওয়ের ওই জায়গার অবৈধ দখলদারদের অনেকবার উচ্ছেদ করা হয়েছে। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। কিন্তু রাজনৈতিক তদবিরে আমরা শেষ পর্যন্ত কিছুই করতে পারি না।’ তিনি আরও বলেন, রেলওয়ের জায়গা কিংবা রেললাইন ইজারা দেওয়ার এখতিয়ার পৌরসভা কর্তৃপক্ষের নেই। অবৈধ দখলদারদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে কানুনগো বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। তবে বিষয়টি খতিয়ে দেখবেন।