লাকসামে স্কুলছাত্রের লাশ উদ্ধার
কুমিল্লার লাকসাম পৌর শহরের মিশ্রি গ্রাম থেকে শাহরিয়ার হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার নিজ বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।শাহরিয়ার উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা গ্রামের মৃত শাহ আলমের ছেলে ও লাকসাম পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। গতকাল সোমবার তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শাহরিয়ারের মা নার্গিস সুলতানা জানান, রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে সে স্কুল থেকে বাড়ি ফিরে। ওই সময় ঘরের দরজা-জানালা বন্ধ দেখে তিনি শাহরিয়ারকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজার ওপর দিয়ে উঁকি মেরে দেখেন তাঁর ছেলে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলে আছে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ারের লাশ উদ্ধার করে।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।