লাকসামে ১০ ইউনিয়নে বিএনপির কমিটি নিয়ে মতবিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এক পক্ষ কোনো ধরনের সভা না ডেকে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে। আরেক পক্ষ পুরোনো কমিটি বহাল রেখেছে। গতকাল রবি ও গত শনিবার দুই পক্ষ গণমাধ্যমে পাল্টাপাল্টি প্রেস বিজ্ঞপ্তি পাঠায়।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূর হোসেন ১৭ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত করেন। এরপর তাঁরা প্রতি ইউনিয়নে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। গতকাল স্থানীয় গণমাধ্যমে ওই খবর দেখে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মকবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর উল্লাহ রায়হান ও সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম গণমাধ্যমে পাল্টা প্রেস বিজ্ঞপ্তি পাঠান। ওই তিন নেতা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সংগঠনবিরোধী কার্যকলাপ ও দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মো. শাহআলম বলেন, আলাপ-আলোচনা ছাড়াই অবৈধভাবে কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয় ইউনিয়নগুলোতে, যা উপজেলা কমিটির কোনো নেতা-কর্মী জানেন না।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূর হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন কমিটিগুলো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। সেগুলোকে সক্রিয় করার জন্য নতুন কমিটি গঠন করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, লাকসামে ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছে। কেন্দ্রেও বিষয়টি জানানো হয়েছে। মিটমাট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।