লাকসামের ওসির প্রত্যাহার দাবি
কুমিল্লার লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরীকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী শাহনাজ আক্তার। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওই দাবি জানান।
বিকেল পাঁচটায় কুমিল্লা নগরের ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। শাহনাজ আক্তার সারা দেশে বিএনপির একমাত্র নারী মেয়র প্রার্থী ও ২০১৩ সালের ২৭ নভেম্বর র্যা বের হাতে ‘নিখোঁজ’ লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর পারভেজের স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহনাজ আক্তার উল্লেখ করেন, ‘গত বুধ ও বৃহস্পতিবার লাকসামে বিএনপির প্রচারে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীরা দফায় দফায় বাধা দিয়েছেন। লাকসামের সাবেক সাংসদ আনোয়ারুল আজিমের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এসব ঘটনা লাকসামের ওসিকে বারবার জানানো হলেও তিনি সাড়া দেননি। উল্টো আমাকে আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করেন। আমার অভিযোগের গুরুত্ব না দিয়ে তিনি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাঁর ওই কাজে সহায়তা করছেন লাকসাম থানার চার পুলিশের সদস্য আক্তার হোসেন, সেকান্দার আলী, আলমগীর হোসেন ও শিমুল।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী প্রথম অলোকে বলেন, ‘বিএনপির যেকোনো অভিযোগ পাওয়ার পরপরই আমি ব্যবস্থা নিয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। পুলিশি পাহারায় বিএনপির কেন্দ্রীয় নেতার কর্মসূচিও বাস্তবায়ন করে দিয়েছি। এরপরও অভিযোগ তোলা দুঃখজনক।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ আনোয়ারুল আজিম, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেয়র মজির আহমেদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান, লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম ফারুক প্রমুখ।