লাকসামের নিখোঁজ দুই ব্যবসায়ীর সন্ধান দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলায় নিখোঁজ সাবেক সাংসদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম এবং কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবিরের সন্ধান দাবিতে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কাছে একটি সঞ্চারকলিপি দিয়েছেন।
বেলা ১১টায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলাবাসীর পক্ষে ওই ইউপির চেয়ারম্যানদের স্বাক্ষরিত সঞ্চারকলিপিটি কুমিল্লা জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর দেওয়া হয়। মনোহরগঞ্জ উপজেলার ঝলম (উত্তর) ইউপির চেয়ারম্যান মো. আবদুল হাই বলেন, প্রধানমন্ত্রীর বরাবরে দেওয়া ওই সঞ্চারকলিপির অনুলিপি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক এবং কুমিল্লা পুলিশ সুপারের (এসপি) কাছেও পাঠানো হয়েছে।
স্মারকলিপিতে ইউপির চেয়ারম্যানরা উল্লেখ করেন, গত ২৭ নভেম্বর রাতে মো. সাইফুল ইসলাম, মো. হুমায়ুন কবির পারভেজ ও জসিম উদ্দিন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর ও আলীশ্বরের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে র‌্যাবের একটি দল তাঁদের আটক করে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর ওই দিন রাতেই র‌্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর ডিএডি শাহজাহান আলী জসিম উদ্দিনকে লাকসাম থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। কিন্তু ব্যবসায়ী ওই দুই নেতাকে আটকের বিষয়টি র‌্যাব স্বীকার করছে না।