লাকুটিয়া খালে আট বাঁধ, প্রবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের ঝড়​ঝড়িয়া এলাকায় লাকুটিয়া খালে দেওয়া একটি বাঁধ। এ ধরনের আরও সাতটি বাঁধ রয়েছে। দূরে দেখা যাচ্ছে বাঁশের বেড়া—সবগুলো মিলে খালের প্রবাহ বন্ধ রেখেছে। এতে ময়লা–আবর্জনা জমে পানিতে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বরিশাল নগরের ঝড়​ঝড়িয়া এলাকায় লাকুটিয়া খালে দেওয়া একটি বাঁধ। এ ধরনের আরও সাতটি বাঁধ রয়েছে। দূরে দেখা যাচ্ছে বাঁশের বেড়া—সবগুলো মিলে খালের প্রবাহ বন্ধ রেখেছে। এতে ময়লা–আবর্জনা জমে পানিতে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বরিশালের লাকুটিয়া খালে অনেক বছর ধরে সাত-আটটি আড়ি বাঁধ দেওয়া হয়েছে। গড়া (বাঁশের তৈরি বিশেষ প্রতিরোধব্যবস্থা) ও আড়ি বাঁধে পানিপ্রবাহ বন্ধ রয়েছে কয়েক বছর। এতে ধ্বংসের মুখে ১৫ কিলোমিটার খাল। নোংরা, ময়লা-আবর্জনার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ।

সরেজমিনে দেখা গেছে, বরিশালের বাবুগঞ্জ এবং সদর উপজেলার সংযোগস্থল লাকুটিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৫০ অশ্ব (হর্স) ক্ষমতাসম্পন্ন একটি পাম্প রয়েছে। এই পাম্পটি মূলত বোরো চাষের জন্য বছরের জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাস চালানো হয়। বছরের অন্য নয় মাস পানিপ্রবাহ বেশি থাকায় পাম্প চালানোর প্রয়োজন পড়ে না। কিন্তু ব্লক সুপারভাইজারদের সভাপতি আবদুল মান্নানের কারণে স্লুইসগেট খোলা থাকলেও খালের বিভিন্ন স্থানে আড়াআড়ি বেশ কিছু বাঁধ দেওয়া থাকে। ওই বাঁধ কখনো অপসারণ করা হয় না। এ কারণে জোয়ারের পানি বাবুগঞ্জের আড়িয়াল খাঁ নদী থেকে প্রবাহিত হয়ে স্লুইসগেট ছাড়িয়ে কিছুদূর গিয়ে বাধা পায়। এতে তা বরিশাল পর্যন্ত পৌঁছায় না। এলাকাবাসী বিভিন্ন সময় ওই বাঁধ অপসারণের জন্য অনুরোধ করলেও আবদুল মান্নান পাত্তা দেন না বলে অভিযোগ রয়েছে।

লাকুটিয়ার পাম্পচালক মো. মাইনউদ্দিন গাজী বলেন, জানুয়ারি মাসে শুধু বোরো ধান চাষ করার জন্য স্লুইসগেট আটকে রাখা হয়। তখন খালে পানি কম থাকে। জোয়ারের সময় পাম্পের সাহায্যে পানি তুলে রাখা হয়। এখন আর সমস্যা নেই। তাই পাটাতন খুলে ফেলা হয়েছে। কিন্তু খালের বেশ কয়েকটি স্থানে আবদুল মান্নান আড়ি বাঁধ দিয়ে রেখেছেন। সেই বাঁধ অপসারণ না করায় পানির প্রবাহ শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় না। বাঁধগুলো খুলে দিলে আর কোনো সমস্যা থাকত না। তিনি আরও বলেন, ওই বাঁধ দিয়ে বছরের পর বছর অনেকে মাছ চাষ করেন। তাই ওই বাঁধ খুলে দিচ্ছে না।

সরেজমিনে কাশিপুর এলাকার সারসী বাজারে গিয়ে দেখা হয়, ব্লক সুপারভাইজার মো. আক্তারুজ্জামানের সঙ্গে। তিনি জানান, বোরো চাষের সময় শুধু পানি বাবদ আবদুল মান্নানকে দেওয়া লাগত দুই হাজার টাকা। তিনিই খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে রেখেছেন। পাম্পের গেট খুলে দিলেও তিনি তাঁর বাঁধ বছরের পর বছর রেখে দেন।

একই কথা বলেন সুলতান মৃধা। তিনি জানান, যেখানে যেখানে বোরো আবাদ হয়েছে সেখানে আবদুল মান্নান পানি বাবদ টাকা নিয়েছেন। হয় টাকা, না হয় চার আনা ধান দিতে হয়েছে। তাঁর কারণে ‘এবার আমি বোরো আবাদ করি নাই।’

বাবুগঞ্জ থেকে ঝড়ঝড়িয়া তলা পর্যন্ত বাঁশের বিশেষ প্রতিরোধ গড়া ১৫টি এবং মাটির স্থায়ী বাঁধ দেখা গেছে আটটি। এর মধ্যে সারসী, সারসী বাজার, ঝড়ঝড়িয়া তলা, সারসসী সেতু এলাকা, বিল্ববাড়ি, বিগঙ্গল এবং কামাল হোসেনের বাড়ির সামনে।

ঝড়ঝড়িয়া বাজারের আলিম মৃধা বলেন, অনেক বছর ধরে আবদুল মান্নান ব্লক (ইরি চাষ) করার জন্য লাকুটিয়া খালের বেশ কয়েকটি স্থানে বাঁধ এবং গড়া দিয়েছেন। ওই বাঁধ আর কখনো খুলে দেওয়া হয়নি। এসব কারণে ময়লা-আবর্জনায় স্তপূ হয়ে গেছে। বাঁধ না থাকলে জোয়ার-ভাটার পানি আসা-যাওয়া করতে পারত।

মো. কামাল হোসেন বলেন, ধান চাষের নামে বাঁধ দিলেও আর খোলে না। আমাদের দুর্গন্ধ পোহাতে হয় বছরের পর বছর। খালটা দিনে দিনে সরু হয়ে যাচ্ছে।

জেলা প্রশাসক মো. শীহদুল আলম বলেন, লাকুটিয়া এই খালের পাড় দিয়ে একসময় কবি জীবনানন্দ দাশ হঁাটতেন এবং এর স্রোত ও শোভা উপভোগ করতেন। এখন সেই খালটির অনেক স্থানে বাঁধ দিয়ে এর স্বাভাবিক প্রবাহ বন্ধ করা হয়েছে।

আবুদল মান্নান প্রথম আলোকে বলেন, ‘লাকুটিয়া খালে ধান চাষের জন্য বাঁধ আমি দিয়েছি। বাঁধ কাটার লোক পাওয়া যাচ্ছে না, তাই কাটা হয়নি। তবে বাঁধ কাটলেও আড়িয়াল খাঁ নদী থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বরিশাল পর্যন্ত প্রবাহ পৌঁছাবে না। সে জন্য কীর্তনখোলা থেকে ১০ কিলোমিটার খনন করতে হবে।’