লাক্স তারকা রাহার মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশের তারকা সুমাইয়া আসগর রাহা গত শুক্রবার রাতে নিজ বাসায় মারা যান। শনিবার বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।গতকাল রোববার দুপুরে মোহাম্মদপুর চাঁন মিয়া হাউজিংয়ে রাহার বাসায় গেলে তাঁর বাবা শেখ মো. আলী আসগর বলেন, ‘শুক্রবার রাত আটটা নাগাদ রাহা বাসায় ফেরে। এরপর ঘরে চলে যায়। শনিবার সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে চাবি দিয়ে তার ঘরের দরজা খোলা হয়। বিছানায় থাকা রাহাকে ডাকাডাকি করে কোনা সাড়া না পেয়ে আমরা সকাল সাড়ে আটটার দিকে মহল্লার একজন চিকিৎসককে নিয়ে আসি। তিনি জানান, রাহা ঘণ্টা তিনেক আগে মারা গেছে। আমরা তাকে দ্রুত সিটি হাসপাতালে নিয়ে যাই। সেখানেও চিকিৎসকেরা একই কথা বলেন।’তবে চিকিৎসক কিংবা কোনো হাসপাতালের মৃত্যুসনদ রাহার বাবা দেখাতে পারেননি।প্রতিবেশীদের মতে, রাহা আত্মহত্যা করেছেন। আর দাফন করার আগে আজিমপুর কবরস্থানের অফিসে জানানো হয়, রাহা হাঁপানির সমস্যায় ভুগছিলেন।সিটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, শনিবার তারা রাহা বা এ ধরনের কোনো রোগী পায়নি।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, রাহার মৃত্যুসংক্রান্ত কোনো তথ্য তাঁদের কাছে নেই। ২০০৭ সালে লাক্স তারকা প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন রাহা।