লাক্সমা কারখানা খোলার দাবি শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবেশে বক্তব্য দিচ্ছেন কারখানার শ্রমিকেরা ও শ্রমিকনেতারা। ছবি: আহসান সাজিদ
সমাবেশে বক্তব্য দিচ্ছেন কারখানার শ্রমিকেরা ও শ্রমিকনেতারা। ছবি: আহসান সাজিদ

বকেয়া বেতন, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার বিজিএমইএ ভবন এবং কারওয়ান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেছেন লাক্সমা সোয়েটার লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার দেড় শতাধিক শ্রমিক। এর আগে একই দাবিতে গতকাল সোমবার ও আগের দিন রোববার বিজিএমইএ ভবন ঘেরাও করেন তাঁরা।

বকেয়া বেতনের প্রতিশ্রুতি দিয়েও মালিক পক্ষ তা রক্ষা করেনি বলে অভিযোগ করেন কারখানাটির শ্রমিকেরা। মো. সবুজ নামে এক শ্রমিক প্রথম আলোকে বলেন, জুন-জুলাই ও অক্টোবর মাসের বেতন পাওয়া যায়নি। একাধিকবার সেটি পরিশোধের আশ্বাস দিয়ে তা রক্ষা করেনি মালিকপক্ষ। ৩০ অক্টোবর গাজীপুরের কেবি বাজারে অবস্থিত কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। অন্য কারখানা থেকে পোশাক তৈরি করিয়ে নিচ্ছে মালিকপক্ষ।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের সামনে বিক্ষোভরত লাক্সমা সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা। ছবি: আহসান সাজিদ
কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের সামনে বিক্ষোভরত লাক্সমা সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা। ছবি: আহসান সাজিদ

কারখানার আরেক শ্রমিক মো. হামিদ জানান, লাক্সমা সোয়েটারের মালিক সাফিনা রহমানের আজ সকাল ১০টায় বিজিএমইএ ভবনে আসার কথা থাকলেও তিনি আসেনি।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ১৬ নভেম্বর লাক্সমা সোয়েটারের দুটি শাখার কিছু শ্রমিকের বেতন পরিশোধ করা হয়। তবে এখনো প্রায় সাত শ শ্রমিকের বেতন পরিশোধ করা হয়নি। ২৩ নভেম্বর শ্রমিকেরা কারখানায় গেলে পুলিশ দিয়ে মালিকপক্ষ শ্রমিকদের ওপর নির্যাতন করে। বেতন-ভাতা পরিশোধ না করা পর্যন্ত লাক্সমা সোয়েটারের শ্রমিকদের আন্দোলন চলবে বলে জানান তিনি।

লাক্সমা সোয়েটার লিমিটেডে মালিক সাফিনা রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা শ্রমিকদের বেতন যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করার চেষ্টা করছি। কিছু শ্রমিকের অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। তবে ৩০ নভেম্বরে মধ্যে পরিশোধ কারার জন্য কাজ করছি। এই গার্মেন্টসের বয়স প্রায় ৩০ বছর। আমরা প্রতি মাসেই নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করে দিই। তবে আমাদের কিছু আদেশ বাতিল হয়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে।’