চিকিৎসকের ভুলে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর ঘটনায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা এবং ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে এক সালিসি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।নিহত ওই নারীর পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার রাত আটটার দিকে মাহবুবা আক্তার সামান্য ব্যথা নিয়ে বানিয়াচং ক্লিনিকে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজিলা আজিজ তাঁকে ক্লিনিকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। অন্যথায় রোগীর মৃত্যু হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। পরে ফজিলা আজিজ কোনো যন্ত্রপাতি ও সেবিকার সাহায্য ছাড়াই কৃত্রিম ব্যথা সৃষ্টি করে বাচ্চা প্রসব করানোর চেষ্টা চালান। পরে রাত ১২টার দিকে মাহবুবার মৃত্যু হয়।এ ঘটনায় গতকাল উপজেলার ১ নম্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিস বৈঠক হয়। বৈঠকে ফজিলা আজিজ স্বীকার করেন, তাঁর ভুল হয়েছে।সালিসের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হোসেন জানান, উভয় পক্ষের সম্মতিতেই বিচার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা রায় মানবেন কি না, সেটা তাঁদের ব্যাপার। নিহতের বাবা আবদুল আলীম জানান, ‘টাকা দিয়ে কী করব। আমি দোষী চিকিৎসকদের শাস্তি চাই।’থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বুধবার পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মাহবুবার লাশ দাফন করা হয়।