লাখ টাকার বাঘাআইড়!
সাতসকালেই ইছামতী নদীর তীরে মানুষের স্রোত। এখানে বসেছে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলায় উঠেছে যমুনা-বাঙ্গালী নদীতে ধরা পড়া বিরাট বিরাট সব মাছ। চার শতাধিক দোকানে এসব মাছের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দূর-দূরান্ত থেকে দলে দলে লোকজন মেলায় এসেছেন মাছ কিনতে। খালিহাতে ফিরছেন না কেউ। সবাই সামর্থ্য অনুযায়ী মাছ কিনে খুশিমনে বাড়ি ফিরছেন।
মেলা উপলক্ষে আশপাশের অর্ধশত গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। নাইওর এসেছেন মেয়ে ও জামাই। নিমন্ত্রণ করা হয়েছে আত্মীয়-স্বজনকেও।
বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ মেলাকে ঘিরে আজ বুধবার ভোর থেকে এলাকাজুড়ে বিরাজ করছে এমন উৎসব আমেজ। অন্যবারের মতো এবারও মেলার আকর্ষণ ছিল নদীতে ধরা বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। আছে নদীর বাঘাআইড়, পাঙাশ, চিতল, কাতলা, রুই, সিলভার কার্পসহ হরেক পদের বড় বড় মাছ।
সকাল ১০টার দিকে একটি মাছের দোকানে গিয়ে দেখা গেল, বিরাট আকারের একটি বাঘাআইড়কে ঘিরে কৌতূহলী দর্শনার্থীর ভিড়। দোকানি মহিষাবানের বিপ্লব প্রামাণিক (৪৫) বলেন, গতকাল রাতেই যমুনায় ধরা পড়েছে ৬০ কেজি ওজনের এই বাঘাআইড়টি। তিনি ৬৫ হাজার টাকায় সকালে তা কিনেছেন। এখন এক লাখ টাকায় বিক্রি করতে চাইছেন। ক্রেতারা ৭২ হাজার টাকা পর্যন্ত দাম করেছেন।
৪২ কেজি ওজনের আরেকটি বাঘাআইড় নিয়ে মেলায় এসেছেন সিরাজগঞ্জ সদরের মাছ ব্যবসায়ী সামেদ আলী। তবে জানালেন, এখনো ক্রেতার দেখা পাননি। ভালো দাম পাওয়ার আশায় তিনি মেলায় এসেছেন। গতবারের চেয়ে এবার বাজার মন্দা বলে তাঁর দাবি।
মেলা কমিটির অন্যতম নেতা আবদুর রহিম মোল্লা বলেন, এবার চার শতাধিক মাছের দোকান বসেছে। প্রত্যেকটি দোকানে গড়ে কুড়ি মণ করে মাছ উঠেছে। অন্যবার মেলায় নদীতে ধরা পড়া বড় বড় মাছ বেশি উঠলেও এবার বড় মাছের আমদানি কিছুটা কম। এবার দেড় মণ ওজনের মাছ যেমন ছিল, ছিল পাঁচ থেকে ১০ কেজি ওজনের মাছও। তবে বড় মাছের চেয়ে ক্রেতার চাহিদা ছিল ছোট মাছের প্রতিই বেশি।
গোলাবাড়ি গ্রামের ইসরাফিল হোসেন (৬৫) বলেন, মেলা উপলক্ষে মহিষাবান, গাবতলী সদর, দুর্গাহাটা, বালিয়াদীঘি, নশিপুর ইউনিয়নের অর্ধশত গ্রামে ঈদের মতো আমেজ বিরাজ করছে। ঘরে ঘরে নববধূ, মেয়ে ও জামাইরা নিমন্ত্রণে এসেছেন। মেলা থেকে কেনা বড় বড় মাছ দিয়ে আপ্যায়ন করা হচ্ছে অতিথি ও স্বজনদের।
গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামের সোহেল রানা ১৫ কেজি ওজনের একটি বাঘাআইড় কিনেছেন ১৬ হাজার টাকায়। তিনি বলেন, ‘গতবার নদীর আইড় কিনেছিলাম, এবার শখ করে বাঘাআইড় কিনলাম।’
