লাখ টাকার বিনিময়ে নারীনেত্রী মুক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নার্গিস আক্তার এক লাখ টাকার বিনিময়ে সীতাকুণ্ড থানায় আটক অবস্থা থেকে মুক্ত হয়েছেন। সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলামের নামে এক লাখ টাকা নিয়ে তাঁকে মুক্তি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র জুলফিকার আলী শামীম এ ঘটনার মধ্যস্থতা করেন বলেন ভুক্তভোগী নার্গিস আক্তার প্রথম আলোকে জানিয়েছেন।
নার্গিস আক্তার বলেন, তাঁর গোডাউন রোডের বাড়ির একটি জায়গায় দেয়াল তোলা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিবাদের একপর্যায়ে সীতাকুণ্ড পুলিশ গত বৃহস্পতিবার তাঁকে ও তাঁর দুই ছেলেকে থানায় নিয়ে যায়। দিনভর বসিয়ে রাখার পর স্থানীয় কমিশনার জুলফিকার আলী শামীমের মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় তাঁর কাছ থেকে সাদা কাগছে স্বাক্ষরও নেওয়া হয়। টাকাগুলো কেন নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মামলা দিয়ে হয়রানি না করার জন্য সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলামকে দেওয়ার কথা বলে তিনি (কমিশনার) নেন।
বিষয়টি সম্পর্কে প্যানেল মেয়র জুলফিকার আলী শামীম বলেন, প্রতিপক্ষের ক্ষতিপূরণ বাবদ নার্গিস আক্তারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। এখনো টাকাগুলো তাঁদের কাছে আছে। সহকারী পুলিশ সুপারের জন্য কোনো টাকা নেওয়া হয়নি।
সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই দিন তিনি থানায় ছিলেন না। চট্টগ্রামে ছিলেন। উভয় পক্ষের বৈঠকের মাধ্যমে প্যানেল মেয়র ঘটনাটি মীমাংসা করছেন বলে তাঁকে মুঠোফোনে জানানো হয়। তিনি কোনো টাকাপয়সা নেননি৷
আটক করার পর মামলা হয়নি কেন? জানতে চাইলে তিনি বলেন, ডিআইজির নির্দেশে তাঁদের ছেড়ে দেওয়া হয়। যেখানে ডিআইজির নির্দেশ থাকে, সেখানে টাকা লেনদেনের প্রশ্ন ওঠে না।