লাখ টাকার মুচলেকায় জামিন পেলেন সেলিম
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনকে এক লাখ টাকার মুচলেকা ও দুজন আইনজীবীর জিম্মায় জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এই আদেশ দেন।গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সেলিম উদ্দিনকে বেলা দুইটার মধ্যে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন। তাঁকে হাজির করা হলে তাঁর আইনজীবী তাজুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁর জামিনের আবেদন করেন। ট্রাইব্যুনাল এক লাখ টাকা মুচলেকায় ও দুজন আইনজীবীর জিম্মায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। আদেশে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেওয়া হয় এবং ২১ মার্চ আইনজীবীর মাধ্যমে তাঁর বক্তব্যের ব্যাখ্যা ট্রাইব্যুনালে জানাতে নির্দেশ দেওয়া হয়।ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করায় সেলিম উদ্দিনসহ জামায়াতের তিন নেতার বিরুদ্ধে ৬ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। গত বৃহস্পতিবার সেলিমকে গ্রেপ্তার করে র্যাব।