লাখ টাকায় কোরবানির মোটা গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজা নামের সাড়ে পাঁচ মণ ওজনের এই গরুটির দাম হাঁকা হয়েছে সাড়ে তিন লাখ টাকা l প্রথম আলো
রাজা নামের সাড়ে পাঁচ মণ ওজনের এই গরুটির দাম হাঁকা হয়েছে সাড়ে তিন লাখ টাকা l প্রথম আলো

আর কয়েক দিন পরেই ঈদ। কক্সবাজারে অন্তত ২৩টি হাটবাজারে কোরবািনর পশু কেনাবেচা জমে উঠেছে। এক মণের নিচে মাংস হবে, এমন (ছোট) গরু বিক্রি হচ্ছে ৩০-৪০ হাজার টাকায়। তিন থেকে পাঁচ মণ ওজনের প্রতিটা মোটা গরুর দাম হাঁকা হচ্ছে দেড় থেকে চার লাখ টাকা।
গত শনিবার সকালে সদর উপজেলার ঈদগাঁও বাজার ঘুরে দেখা গেছে, কোরবািন উপলক্ষে বিক্রির জন্য আনা হয়েছে তিন শতাধিক গরু। এর মধ্যে অন্তত ৪০টি গরু মোটা, ওজন আড়াই থেকে চার মণ। দাম হাঁকা হচ্ছে দেড় থেকে তিন লাখ টাকা।
স্থানীয় পশু ব্যবসায়ী আকতার কামাল (৪৫) বলেন, ‘এখানকার সব গরু গৃহপালিত। ভারত অথবা মিয়ানমারের গরু এই হাটে নেই। স্থানীয় গরু বলে দামও বেশি। তবে ক্রেতারা বড় গরু কিনতে একটু চিন্তাভাবনা করছেন।’
স্থানীয় চাষি নজিবুল ইসলাম (৫৫) জানান, এক বছর আগে ৭০ হাজার টাকায় তিনি দেড় মণ ওজনের একটি গরু কিনে লালনপালন করেন। এখন সেই গরুটির ওজন তিন মণের বেশি। গরুটি আড়াই লাখ টাকায় বিক্রি হলে খরচ বাদ দিলে তাঁর ৫০ হাজার লাভ থাকবে। গরুটির দাম হাঁকা হয় তিন লাখ টাকা। কিন্তু দেড় লাখ টাকার বেশি কেউ বলছেন না।
এ প্রসঙ্গে নজিবুল বলেন, ‘ঈদের তো আরও কয়েকটা দিন বাকি আছে। আড়াই লাখ টাকার বেশি বিক্রি না হলে পরের বছরের জন্য গরুটি রেখে দেব।’
টেকনাফ পৌরসভার গুদারবিল গ্রামের আবদুর রহমান ছয় মাস আগে ৬৫ হাজার টাকায় কিনে নেন ‘রাজা’ নামের একটি গরু। সেটির ওজন এখন সাড়ে পাঁচ মণ। দাম হাঁকা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা। আবদুর রহমানের ভাই মোকতার আহমদ (৪৫) বলেন, ইতিমধ্যে তিন লাখ টাকায় গরুটি কিনতে দুই ব্যক্তি রাজি হয়েছেন। কিন্তু সাড়ে তিন লাখের নিচে বিক্রি হবে না। দুই ভাই মিলে তিনটি গরু মোটাতাজা করেন। অপর দুটির ওজন পাঁচ থেকে ছয় মণ। দাম চার লাখ টাকা।
অনুসন্ধানে জানা গেছে, জেলার আটটি উপজেলার অন্তত ২৩টি হাটবাজারে বিক্রির জন্য আনা হচ্ছে এক লাখের বেশি কোরবািনর গরু। এর মধ্যে টেকনাফ ও উখিয়া উপজেলার ১৩টি হাটবাজারে বিক্রির জন্য আনা ৭০ শতাংশ গরু মিয়ানমারের।
টেকনাফের কয়েকজন ব্যবসায়ী বলেন, মিয়ানমার থেকে আনা গরু মোটাতাজা এবং কমদামে বিক্রি হওয়ায় স্থানীয় গরুর ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছেন না। অনেকে মনে করেন, মিয়ানমারের গরু মেনিনজাইটিস রোগে আক্রান্ত, তাই কম দামে বিক্রি হচ্ছে। মিয়ানমারের বেশির ভাগ গরু আসছে টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে।
শাহপরীর দ্বীপ করিডর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাছিম বলেন, ঈদের আগের দিন পর্যন্ত ব্যবসায়ীরা মিয়ানমার থেকে আরও পাঁচ হাজার গরু আনবেন। এর আগে (১৫ আগস্ট থেকে গতকাল পর্যন্ত) আনা হয়েছে প্রায় পাঁচ হাজার গবাদিপশু। করিডর দিয়ে গরু ও মহিষ আনতে গেলে সরকারকে ৫০০ টাকা করে রাজস্ব পরিশোধ করতে হয়। আর প্রাণিসম্পদ বিভাগ পশুর শরীরে মেনিনজাইটিস রোগ আছে কি না, পরীক্ষা-নিরীক্ষা করে সনদ দিচ্ছে। এ পর্যন্ত কোনো পশুতে মেনিনজাইটিস রোগ শনাক্ত হয়নি।