লাখ মোমবাতি জ্বেলে ভাষাশহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো—এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লক্ষাধিক মোমবাতি জ্বালিয়ে ভাষাশহীদদের স্মরণ করেছেন নড়াইলবাসী। পাশাপাশি ৬৬টি ফানুস ওড়ানো হয়। পরিবেশন করা হয় গণসংগীত।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইল শহরের কুড়িরডোব মাঠে নড়াইল একুশ উদ্যাপন পর্ষদ এসব কর্মসূচির আয়োজন করে। এবার স্কয়ার কোম্পানি লিমিটেড এ অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করেছে। ১৯৯৮ সাল থেকে এ মাঠে ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়ে আসছে। প্রথম বছর জ্বালানো হয়েছিল ১০ হাজার মোমবাতি।
গতকাল সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের উদ্বোধন করেন নড়াইলের ভাষাসৈনিক রিজিয়া খাতুন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা।
প্রায় চার একর খেলার মাঠজুড়ে গতকাল সন্ধ্যায় মোমবাতির শিখায় তৈরি করা হয় বর্ণমালা, শহীদদের মুখচ্ছবি ও নানান আলপনা। তুলে ধরা হয় বাংলাদেশের নানা কৃষ্টি ও ঐতিহ্য। দৃষ্টিনন্দন হয়ে ওঠে চারদিক।
একুশ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনশি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভাষাশহীদদের স্মরণ করতে এক লাখের বেশি মোমবাতি জ্বালানো হয়েছে। শতাধিক সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমিক প্রায় এক মাস ধরে এ আয়োজন সফল করতে কাজ করেছেন।
দুই দিন ধরে প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী মোমবাতি সাজিয়েছেন। এর মাধ্যমে আমরা বিশ্বসভায় নড়াইলকে তুলে ধরতে চাই।’
এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা শামীমুল ইসলাম বলেন, ‘এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করতে চাই।’