লাখ লাখ টাকা আনছে গরু

কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের রবিউল ইসলামের সাত-আট বছর আগেও দু-একটি গরু ছিল। শখের বশে গরু পালন করতেন তিনি। পরে তিনি কৃষিকাজ বাদ দিয়ে গরু পালতে শুরু করেন। এখন তাঁর ১২টি গরু। এই গরুই তাঁর সংসারের সব খরচের উৎস। কোরবানি ঈদ এলে তাঁর একেকটা গরুর দাম হয় দেড় থেকে দুই লাখ টাকা। সেই লাভ দিয়ে তাঁর সারা বছর চলে যায়। এখন তিনি স্বাবলম্বী। শুধু রবিউল একা নন, তাঁর মতো এখন অনেকে কৃষিকাজ ছেড়ে খামারের দিকে ঝুঁকে পড়ছেন। প্রাণিজ আমিষের চাহিদা পূরণে তাঁর মতো এখন অনেকে ভূমিকা রেখে চলেছেন।
প্রাণীর নতুন নতুন জাত সৃষ্টি হওয়ার কারণে গত কয়েক বছরে দেশের মাংস, দুধ, ডিমের মতো প্রাণিজ আমিষের উৎপাদন বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশকে বিদেশ থেকে মাংসজাতীয় খাদ্য আমদানি করতে হবে না। এতে দেশের অর্থনৈতিক ভিত্তিও শক্ত হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, ২০০৭-০৮ অর্থবছরে মাংসের উৎপাদন ছিল ১১ লাখ মেট্রিক টন, যা এখন ৭২ লাখ মেট্রিক টন। দুধের উৎপাদন ছিল ২৭ লাখ মেট্রিক টন, এখন ৯৩ লাখ মেট্রিক টন। এ ছাড়া ২০০৭-০৮ সালে ডিমের উৎপাদন ছিল ৫ কোটি ৬৫ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১৫ কোটি। সার্বিকভাবে দেখা যাচ্ছে, আমাদের দেশের প্রাণিজ আমিষের উৎপাদন আগের থেকে অনেক বেড়েছে। এ ছাড়া ২০০৭-০৮ অর্থবছরে গরুর সংখ্যা ছিল ২ কোটি ২৯ লাখ। ২০১৬-১৭ অর্থবছরে তা বেড়ে হয়েছে ২ কোটি ৪০ লাখ। ছাগলের সংখ্যা ছিল ২ কোটি ১৬ লাখ, সেটি এখন ২ কোটি ৬০ লাখ। মহিষ ও ভেড়া ছিল ৩০ লাখ, এখন ৪৯ লাখ। এ ছাড়া হাঁস-মুরগির সংখ্যা ছিল ২৬ লাখ, সেটি এখন ৩৩ লাখে গিয়ে ঠেকেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘বর্তমানে দেশে নিকট অতীতের চেয়ে দুধের উৎপাদন ৩ গুণের বেশি, মাংস ৭ গুণের বেশি ও ডিমের উৎপাদন প্রায় ৮ গুণ বেড়েছে। সরকারের ভিশন-২০২১ অর্জনে জনপ্রতি দৈনিক ১৫০ মিলিলিটার দুধ, মাংস ১১০ গ্রাম এবং বছরে ১০৪টি ডিমের চাহিদা পূরণে কাজ করছে মন্ত্রণালয়।’
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক চিকিৎসক মো. আইনুল হক বলেন, ‘কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিরলস প্রচেষ্টায় আমরা ইতিমধ্যে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। উদ্যোক্তাদের আগ্রহের কারণে প্রাণিজ আমিষের উৎপাদন বেড়েছে। এ ছাড়া মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার কারণে আগের চেয়ে বেশি আমিষ গ্রহণ করছে।’
মো. আইনুল হক আরও বলেন, মানুষের সচেতনতা বেড়েছে বলে আমিষের উৎপাদন বেড়েছে।
প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি কেবল দেশে আমিষের চাহিদা পূরণেই ভূমিকা রাখছে না, এতে কৃষি অর্থনীতিও চাঙা হচ্ছে। এখন জিডিপিতে দেশের প্রাণিজ আমিষের অবদান ১ দশমিক ৬০ শতাংশ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ‘কৃষি অর্থনীতিতে প্রাণিজ আমিষ উৎপাদনের বড় প্রভাব আছে। এটি একটি বড় সম্ভাবনাময় খাত। এটি আরও বড় খাত হতে পারে। আমাদের মনে রাখতে হবে, কৃষিজমি কমে আসছে। তাই অল্প জমিতে কীভাবে আরও বেশি উৎপাদন করা যায়, তা মাথায় রেখে প্রযুক্তিগত সমাধান করতে হবে। এ ছাড়া সমবায় ও বাজারজাতকরণের ওপর গুরুত্ব দিতে হবে। তাহলে এ খাত আরও বড় হবে এবং কৃষি অর্থনীতি সমৃদ্ধ হবে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের এখান থেকে পড়াশোনা শেষ করে অনেকে এখন মাঠপর্যায়ে কাজ করছেন। তাঁদের চেষ্টা ও গবেষণায় নতুন নতুন জাতের গবাদিপশুর প্রজনন হচ্ছে, যা মাংস উৎপাদন বাড়িয়ে দিয়েছে।’
সৈয়দ সাখাওয়াত হোসেন জানান, যশোর, কুষ্টিয়া, জামালপুরের মতো এলাকায় পশুপালনে বিপ্লব হয়েছে। অনেকে এখন খামার করে স্বাবলম্বী হচ্ছেন।