লাখ লাখ টাকা ব্যয়, তবু ভাঙছে সেচখাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পের সেচখালগুলোর সংস্কারের পেছনে প্রতিবছর লাখ লাখ টাকা ব্যয় করা হয়। অথচ সেচ অবকাঠামোর কোনো উন্নতি হয় না। উল্টো বারবার সেচখালের পাড় ভেঙে ফসলহানির ঘটনা ঘটে। আবার অনেক এলাকায় সেচের পানিই পৌঁছায় না।প্রকল্পটি চালুর ২০ বছরেও তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এটি চালু হয়। কিন্তু ছয় হাজার হেক্টরের বেশি জমিতে সেচ দেওয়া সম্ভব হয়নি কখনোই। জানা যায়, হুরাসাগর নদের পানির ওপর ভিত্তি করে ১২০ কোটি টাকা ব্যয়ে ১৯৯২ সালে পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পটি চালু করা হয়। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে বেড়া উপজেলার হুরাসাগর নদের পাড়ে নির্মাণ করা হয় শক্তিশালী পাম্প স্টেশন। এ ছাড়া পানি সরবরাহের জন্য প্রকল্প এলাকায় ছোট-বড় অসংখ্য সেচখাল নির্মাণ করা হয়। ৩০টি গ্রামকে প্রকল্পের আওতাভুক্ত করা হয়। কিন্তু এসব গ্রামে এখন পর্যন্ত সেচের পানি পৌঁছেনি। এসব এলাকার কৃষকেরা নিজ উদ্যোগে সেচযন্ত্র বসিয়ে জমিতে সেচ দেন বলে জানা গেছে।জানা যায়, চলতি সেচ মৌসুমে অন্তত তিনবার সেচখালের পাড় ভেঙে ফসলহানির ঘটনা ঘটেছে। গত ১৯ ফেব্রুয়ারি সাঁথিয়ার পাইকরহাটি বিশ্বাসপাড়ায়, ২৫ ফেব্রুয়ারি বেড়ার বনগ্রামে এবং ২৪ মার্চ সাঁথিয়ার শহীদনগরে সেচখালের পাড় ভেঙে কয়েক শত বিঘা ফসলি জমি প্লাবিত হয়। গত বছর এপ্রিলে সাঁথিয়ায় সেচখালের পাড় চুইয়ে চাঁদপুর, মিয়াপুর, চরভদ্রকোলা ও ভদ্রকোলা গ্রামের অন্তত ৫০০ বিঘা ফসলি জমি তলিয়ে যায়। কৃষকদের অভিযোগ, বর্তমানে যে খালগুলো রয়েছে, সেগুলো সংস্কার ও দেখভালের জন্য প্রতিবছর লাখ লাখ টাকা ব্যয় করা হয়। এ টাকার সিংহভাগই চলে যাচ্ছে পাউবোর একশ্রেণীর কর্মকর্তা ও ঠিকাদারের পকেটে। সংস্কারের নামে প্রতিবছর সেচখালগুলোর পাড় ও বাঁধের মাটি কুপিয়ে ওলট-পালট করে বিল তুলে নেওয়া হয়। এতে কাজের কাজ কিছুই হয় না। সরেজমিন ও পাউবোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক এলাকায় একশ্রেণীর মানুষ সেচখালের পাড় ছিদ্র করে। পরে পাইপের মাধ্যমে অবৈধভাবে পুকুরে, জমিতে বা গৃহস্থালি কাজের জন্য পানি নেয় সেচখাল থেকে। এতেও খালের পাড় দুর্বল হয়ে পাড় ভাঙার ঘটনা ঘটছে। ২০১১-১২ অর্থবছরে সেচখাল মেরামতের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। সাঁথিয়ার পাইকরহাটি গ্রামের আবদুল খালেক, আয়নাল খাঁ, বেড়ার বনগ্রামের আবদুুল মালেক, জহুরুল ইসলামসহ অনেক কৃষক অভিযোগ করেন, সেচখালগুলো প্রায়ই মেরামত করা হয়। মেরামতের নামে মোটা অঙ্কের ব্যয়ও দেখানো হয়। তার পরও প্রতিবছরই সেচখালের পাড় ভেঙে ফসলহানি হচ্ছে। সেচখাল সংস্কারে কোনো দুর্নীতি বা অনিয়মের কথা অস্বীকার করে পাউবো বেড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ফৈজুর রহমান বলেন, ‘বেশকিছু সেচ অবকাঠামো ক্ষয়প্রাপ্ত হয়ে দুর্বল হয়ে পড়েছে। এ ছাড়া একশ্রেণীর মানুষ অবৈধভাবে পাড় ছিদ্র করে পানি নেওয়ার কারণেও সেচখালগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।’