লাখাইছড়া চা-বাগানে শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফিনলে চা কোম্পানির লাখাইছড়া চা-বাগানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। চা-বাগানের পরিত্যক্ত জমিতে চা চাষের উদ্যোগ নেওয়াই এ অসন্তোষের কারণ বলে জানা গেছে। ওই জমিতে চা-শ্রমিকেরা দুই পুরুষ ধরে ধান চাষ করছিলেন।ফিনলে চা কোম্পানি সূত্রে জানা গেছে, লাখাইছড়া চা-বাগানে ৭০ একর জমি চা চাষের আওতায় নেওয়া হচ্ছে। ওই জমিতে চা-বাগানের শ্রমিকেরা ধান চাষ করতেন। জমি ছেড়ে দেওয়ার জন্য শ্রমিকদের বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লাখাইছড়া চা-বাগানের পাঁচ শতাধিক শ্রমিক ধান চাষের জমিতে চা চাষের উদ্যোগের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। তাঁরা লাখাইছড়া-কালীঘাট চা-বাগান সড়কে সারা দিন অবস্থান করেন। এ সময় শ্রমিকেরা মানববন্ধন ও মিছিল করেন। বিকেলে শ্রমিকেরা ধান চাষের জমিতে অবস্থান নেন। শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি রাম ভজন কৈরী, সাধারণ সম্পাদক বিজয় বুনারজি, শ্রমিক নেতা নন্দলাল কুর্মী প্রমুখ। লাখাইছড়ার কান্তা লালা, গীতা গঞ্জসহ কয়েকজন শ্রমিক জানান, তাঁরা জমি হারানোর আশঙ্কায় রয়েছেন।লাখাইছড়া চা-বাগানের শ্রমিক রতন কুর্মী বলেন, ‘যে জমিতে আমার দাদা ধান ফলিয়েছেন, বাবা চাষ করেছেন, এখন আমি চাষ করছি, সেই জমিতে চা-বাগান কর্তৃপক্ষ চা চাষের উদ্যোগ নিয়েছে।’ বাবু লাল ভূঁইয়া আক্ষেপের সুরে বলেন, ‘এখন থেকে আর চাষ করতে পারব না। আর কোনো দিন জমিতে লাঙল চালাতে পারব না। চা-বাগান কর্তৃপক্ষ এখন আমাদের ভাতের সংস্থানটুকুও কেড়ে নিচ্ছে। আমাদের ধানের জমি কেড়ে নেওয়া হচ্ছে অথচ বাগানের অনেক জমিতে রাবার চাষ করা হচ্ছে।’ এ প্রসঙ্গে জানতে চাইলে ফিনলে চা কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাজ্জাদ সারোয়ার বলেন, চা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কোম্পানি পতিত জমিতে চা চাষের উদ্যোগ নিয়েছে। এই জমি চা চাষের আওতায় এলে দেশে চায়ের উৎপাদন বাড়বে। বাগানে বেকার শ্রমিকদের কাজ দেওয়া যাবে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাজ এবং কিছু নগদ অর্থসহায়তা দেওয়া হবে।