লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে গতকাল বুধবার অনুচরণ দাস নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনুচরণ দাস উপজেলার চানপুর গ্রামের প্রহর লাল দাসের ছেলে। সে বানিয়াচং উপজেলার শচীন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এলাকাবাসী ও পুলিশ জানায়, চানপুর গ্রামের প্রহর লাল দাসের সঙ্গে একই গ্রামের অনীল দাসের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকালে অনীল দাসের লোকজন জমি দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষই লাঠিসোঁটা ও বল্লম নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে অনুচরণ দাস গুরুতর আহত হয়। পরে অনুচরণকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, জমিসংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।