লাখাইয়ে সংঘর্ষে দেড় শতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের লাখাই উপজেলার বাদিকারা গ্রামে গতকাল রোববার দুপুরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ এ সংঘর্ষ থামাতে দুটি ফাঁকা গুলি ছোড়ে। আহত ব্যক্তিদের মধ্যে ৩০ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষকালে ৫০টি বসতঘরে আগুন, অর্ধশত বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের লাখাই উপজেলার বাদিকারা গ্রামের আবদুল হক ও একই গ্রামের শাহজাহান মিয়ার মধ্যে গ্রাম্য নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ছাড়া উভয়ের মধ্যে জমিসংক্রান্ত বিরোধও রয়েছে। এর জের ধরে গত শনিবার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সূত্র ধরে গতকাল রোববার সকালে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষকালে উভয় পক্ষ লাঠিসোঁটা, ইটপাটকেল, বল্লম ব্যবহার করে। এতে দেড় শতাধিক লোক আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে এস এম শাহজাহান, কাওসার মিয়া, গিয়াস উদ্দিন, স্বপন ও মজনুসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে; জসিম উদ্দিন, বাবু মিয়া, শাহনেওয়াজ, শান্তু মিয়া, মহিউদ্দিনসহ ১৫ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জ্যোৎস্না বেগম, মান্না, নাসির উদ্দিন, তৌহিদসহ ১৩ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।