লাখাইয়ে সারের দাম বেশি, বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষকদের সরকারনির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার ক্রয় করতে হচ্ছে। এতে চলতি মৌসুমে বোরো চাষ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকেরা।
কৃষকেরা বলছেন, সারের দাম বেশি হওয়ায় জমি আবাদের খরচ বেড়ে গেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে ১১ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত ১১ হাজার ১১৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে।
কয়েকজন কৃষক জানান, রোপণ করা জমিতে এখনই ইউরিয়া সার প্রয়োগের সময়। কৃষকদের এ সার ক্রয় করতে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। বর্তমানে লাখাইয়ের সর্বত্র সারের ডিলার বা খুচরা ব্যবসায়ীরা সরকারনির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি দুই থেকে আড়াই শ টাকা বেশি নিচ্ছেন।
উপজেলার স্বজন গ্রামের কৃষক ফয়েজ মিয়া জানান, সরকার ইউরিয়া সার বস্তাপ্রতি ৭০০ টাকা নির্ধারণ করলেও স্থানীয় বাজার থেকে তা সাড়ে ৯০০ টাকায় কিনতে হচ্ছে। একই এলাকার কৃষক অরবিন্দু রায় জানান, বস্তাপ্রতি টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) এক হাজার ১০০ টাকা সরকার নির্ধারণ করলেও স্বজন বাজারের ডিলার এক হাজার ৩০০ টাকার কমে এ সার বিক্রি করছেন না।
রইতনসি গ্রামের রজব আলী বলেন, গত বছর এক বিঘা জমি চাষ করতে তিন হাজার টাকা খরচ হয়েছিল। এ বছর একই পরিমাণ জমি জাষ করতে চার থেকে সাড়ে চার হাজার টাকা খরচ হবে।
এ ছাড়া বামৈ, বুল্লা ও মুড়াকরি এলাকার কৃষকেরাও বেশি দামে সার বিক্রি হওয়ার অভিযোগ তোলেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
স্বজন বাজারের সার ব্যবসায়ী সুনীল দেবনাথ প্রথম আলোকে জানান, চাহিদা অনুযায়ী সার পাওয়া যায় না। এই এলাকার বরাদ্দ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন তিনি বাইরে থেকে বেশি দামে সার কিনে এনে বিক্রি করছেন। তাই দাম একটু বেশি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সহকারী কৃষি কর্মকর্তা এ কে এম মোজাম্মেল হক বলেন, ‘দাম তো বেশি নেওয়ার কথা না। কারণ, আমরা সব সময় বাজার তদারকি করছি। প্রতিটি ডিলারের দোকানে সারের মূল্যতালিকা টাঙানো আছে, যাতে কৃষকেরা প্রতারিত না হন। এ ছাড়া আমরা কৃষকদের সব সময় বলি, মূল্য বেশি নিলে তাঁরা যেন আমাদেরকে জানান। এখনো কেউ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেননি।’