লাখে ১০ হাজার টাকা লাভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লাখ টাকায় মাসে ১০ হাজার টাকা, বছরে বিনিয়োগের দ্বিগুণ টাকা মুনাফা দেওয়ার কথা বলে হবিগঞ্জে এইম ওয়ে করপোরেশন নামে একটি কোম্পানি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে।পাশাপাশি তারা নগদ টাকা গ্রহণ করে রসিদ দিচ্ছে হারবালসামগ্রী বেচাকেনার। সংগ্রহ করা এ টাকা কোন খাতে ব্যবহার হবে, তারও কোনো স্বচ্ছতা নেই। লোকজন অধিক মুনাফার আশায় লাখ লাখ টাকা তুলে দিচ্ছেন এ প্রতিষ্ঠানের হাতে।তবে আর্থিক ব্যাংকগুলো বলছে, এটি পকেট ব্যাংকিং-ব্যবস্থা। এ ব্যবসার কোনো রাষ্ট্রীয় বৈধতা নেই। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে হবিগঞ্জ শহরের কালীবাড়ী সড়কে অবস্থিত হবিগঞ্জ রিজেন্সি ব্যবসাকেন্দ্রের (দ্বিতীয় তলায়) এইম ওয়ে করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান অফিস ভাড়া নেয়। তারা ঢাকার জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রেশন (সি ৯৪০৬৫/১১ ও ঢাকা সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নং ০৪৫৮৯৬১ দিয়ে এ কার্যক্রম শুরু করে। তাদের দাবি, সারা দেশে এ প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রয়েছে একই রেজিস্ট্রেশনে। হবিগঞ্জে তাদের মাত্র দুই মাসের কার্যক্রমে তারা পাঁচ শতাধিক সদস্য তৈরি করে এবং কয়েক কোটি টাকা সংগ্রহ করেছে। সদস্য চুক্তিতে বা কাগজপত্রে হারবাল প্যাকেজের ক্রেতা দেখানো হয়। এ সময় গ্রাহকদের বলা হয়, এ হারবালসামগ্রী (লতা হারবাল) নিয়ে সদস্যদের কোনো ভাবনা নেই। কারণ, এ সামগ্রী বেচাকেনার দায়দায়িত্বও কোম্পানির হাতে। সদস্যরা শুধু মাস শেষে বা বছর শেষে মুনাফার টাকা তুলে নেবেন তাদের অফিস থেকে।শ্রীমঙ্গল বিথিঙ্গা দেউন্দি চা-বাগানের ব্যবস্থাপক সুজিত কুমার সাহা জানান, তিনি এ প্রতিষ্ঠানে প্রায় ১১ লাখ টাকা বিনিয়োগ করেছেন। কোম্পানির লোকজন তাঁকে প্রতি মাসে এক লাখে ১০ হাজার টাকা করে মুনাফা দেওয়ার কথা বলেছেন। যা বছর শেষে দ্বিগুণ হবে। শহরের শামছুর নাহার বেগম জানান, এ প্যাকেজ নেওয়ার সময় এইম ওয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। এ পণ্যসামগ্রীর দায়দায়িত্ব তাদের। তারাই এর বেচাকেনা করবে। আমি কেবল টাকার বিপরীতে মুনাফা নেব মাস শেষে। গতকাল বুধবার সরেজমিনে এইম ওয়ে হবিগঞ্জ অফিসে গিয়ে দেখা যায়, প্রায় এক হাজার ৮০০ বর্গফুটের অফিসজুড়ে নতুন নতুন আধুনিক আসবাব। কম্পিউটারাইজ শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে লতা হারবালের নানা সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে গ্রাহকদের নজর কাড়তে। পুরো অফিসে ১৫ থেকে ১৬ জন স্থানীয় নারী-পুরুষ নিয়োগ দেওয়া হয়। তাঁদের কাজ প্রতিষ্ঠানের গ্রাহক তৈরি ও সদস্য করা। তাঁরা আগত লোকজনকে এ ব্যবসার বিনিয়োগ বিষয়ে ধারণা দেন। এ অফিসের কর্মরত ব্যক্তিরা জানান, অফিসে তাঁদের দুজন বস রয়েছেন। তাঁরা হলেন, জেলা সমন্বয়ক কামরুল হাসান ও শফিকুর রহমান। তাঁদের বাড়ি হবিগঞ্জে। জেলা সমন্বয়ক শফিকুর রহমান জানান, গত দুই মাসে তাঁরা হবিগঞ্জে পাঁচ শতাধিক লোকের কাছ থেকে কোটি টাকার পণ্য বেচাকেনা করেছেন। মানুষকে দ্বিগুণ লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এ অর্থ সংগ্রহের বৈধতা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ প্রতিষ্ঠানটি সরকার অনুমোদিত প্রতিষ্ঠান। চার মাস আগে এ প্রতিষ্ঠানের ঢাকা থেকে যাত্রা শুরু হয়। তাঁরা যে টাকা সংগ্রহ করছেন, তাতে অনিয়মের কোনো সুযোগ নেই। হবিগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দীপতিশ কুমার দাস বলেন, এটা এক ধরনের পকেট ব্যাংকিং ব্যবসা। এর কোনো রাষ্ট্রীয় বৈধতা নেই। তারা এক খাত দেখিয়ে অন্য খাতে এ টাকা ব্যবহার করছে এবং সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, বিনিয়োগের বিপরীতে তারা দ্বিগুণ লাভ দেওয়ার যে প্রতিশ্রুতি দিচ্ছে, তা একেবারেই অবিশ্বাস্য। কারণ, বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীর যেকোনো আর্থিক প্রতিষ্ঠান এ ধরনের মুনাফা দিতে পারবে না। এইম ওয়ে হয়তো আসল টাকা নয়, নকল টাকার স্বপ্ন দেখাচ্ছে।হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেন, এটা সম্পূর্ণ প্রতারণার ব্যবসা। এ বিষয়ে তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।