লাখে ৬৮ জনের দেহে যক্ষ্মার জীবাণু পাওয়া যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতি এক লাখে ৬৮ জনের দেহে যক্ষ্মার জীবাণু পাওয়া যাচ্ছে। গতকাল রোববার নীলফামারী আধুনিক সদর হাসপাতালের সভাকক্ষে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়।
নীলফামারীর সিভিল সার্জন মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক শওকত আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নীলফামারী সরকারি কুষ্ঠ হাসপাতালের পরামর্শক খোরশেদ আলম, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রশিদ, ব্র্যাক রংপুর কার্যালয়ের অবহিতকরণ ব্যবস্থাপক প্রীতি রঞ্জন দাস, ব্র্যাক নীলফামারী প্রতিনিধি রইস উদ্দিন আহমেদ প্রমুখ।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ব্র্যাকের আয়োজনে ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, গত বছর বাংলাদেশে এক লাখ ৯০ হাজার ৬৩৫ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে কফে জীবাণুযুক্ত যক্ষ্মা রোগী শনাক্ত হয় এক লাখ পাঁচ হাজার ৩৯৭ জন। দেশে শনাক্তকরণের হার প্রতি লাখে ৬৮ জন।
তবে নীলফামারী জেলায় প্রতিবছর সন্দেহজনকভাবে ১০ হাজারের বেশি মানুষের কফ পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০১১ সালে এক হাজার ১৪১ জন, ২০১২ সালে এক হাজার ১৯৪ জন এবং ২০১৩ সালে এক হাজার ৩৮১ জন যক্ষ্মা রোগী শনাক্ত করে তাদের বিনা মূল্যে ডটস পদ্ধতিতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ব্র্যাকের নীলফামারী জেলার স্বাস্থ্য ব্যবস্থাপক আজিজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন কলকারখানায় যক্ষ্মা নিয়ে কার্যক্রম চালানো হলেও নীলফামারীর উত্তরা ইপিজেডে এ কার্যক্রম চালানো যাচ্ছে না। সেখানে গিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যাচ্ছে না। অনুমতি মিললে আমরা সেখানেও কাজ শুরু করব।’