বাংলাদেশে বর্তমানে প্রতি লাখে ৭৯ জন যক্ষ্মায় আক্রান্ত। ২০ বছর আগের সর্বশেষ জরিপে এই সংখ্যা ছিল ৮৭০। সরাসরি পর্যবেক্ষণমূলক চিকিৎসাসেবা বা ডটস পদ্ধতির কারণে দেশে যক্ষ্মার প্রকোপ কমে গেছে। যক্ষ্মা নিয়ে সর্বশেষ জাতীয় জরিপে এসব তথ্য পাওয়া গেছে।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে যক্ষ্মার প্রকোপবিষয়ক এই জরিপ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) প্রকাশিত জরিপে কারিগরি সহায়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং টিউবারকিউলোসিস ফাউন্ডেশন। আর এতে অর্থসহায়তা দেয় ইউএসএআইডি ও গ্লোবাল ফান্ড।অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ডটসের কারণে, নাকি শিক্ষার প্রসারের কারণে যক্ষ্মার প্রকোপ কমছে, তা খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এসেছে। সব মানুষকে এই কর্মসূচি সম্পর্কে জানাতে হবে, কর্মসূচির সুবিধা যেন সবাই পায়, সেই ব্যবস্থা করতে হবে।আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও মহামারিবিদ কে জামান অনুষ্ঠানে যক্ষ্মা জরিপের ফলাফল উপস্থাপন করেন। তিনি জানান, জরিপে দেশের বিভিন্ন এলাকার ১৫ বছর বা তার বেশি বয়সী ৫২ হাজার ৯৮ জন মানুষের থুতু পরীক্ষা করা হয়। তাতে দেখা গেছে, প্রতি লাখে যক্ষ্মায় আক্রান্ত মানুষের সংখ্যা ৭৯ জন এবং আক্রান্তের হার শহরের চেয়ে গ্রামে বেশি। অন্যদিকে নারীর চেয়ে পুরুষেরা এতে বেশি আক্রান্ত হচ্ছে। ২০০৭-২০০৯ সালের মধ্যে এই জরিপ করা হয়।কে জামান জানান, দেশে যক্ষ্মা নিয়ে প্রথম জরিপ হয় ১৯৬৪-৬৬ সালে। তখন প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ছিল ৩১৮। এর পর থেকে এর সংক্রমণ বাড়তে থাকে। ১৯৮৭-৮৮ সালের দেশব্যাপী জরিপে দেখা যায়, প্রতি লাখে যক্ষ্মায় আক্রান্তের সংখ্যা ছিল ৮৭০। তিনি বলেন, ডটস কার্যক্রম ও এনজিওদের নানা কর্মসূচির ফলে দেশে যক্ষ্মার প্রকোপ অনেক কমেছে। গ্লোবাল ফান্ডের মতো দাতাদের অব্যাহত অর্থসহায়তা এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। জরিপে দেখা গেছে, পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের মধ্যে যক্ষ্মায় সংক্রমণের হার ২ দশমিক ৮ শতাংশ এবং ১০ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে ৫ দশমিক ৪ শতাংশ। ২০ বছর আগের (১৯৮৭-৮৮) জরিপের ফলাফলের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে, পাঁচ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যেও যক্ষ্মায় সংক্রমণের হার কমেছে।অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী বলেন, জরিপ প্রতিবেদনের ওপর আনুষ্ঠানিক মতামত দেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর যেন প্রতিবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করে। তিনি কাজটি করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি দল গঠন করার পরামর্শ দেন।