লাখো কণ্ঠে শান্তি কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে কঠিন চীবর তুলে দিচ্ছেন রাজা দেবাশীষ রায়
রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে কঠিন চীবর তুলে দিচ্ছেন রাজা দেবাশীষ রায়

লাখো মানুষের একসঙ্গে শান্তি কামনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার বৌদ্ধধর্মীয় তীর্থস্থান রাঙামাটি রাজবন বিহারে ৪১তম কঠিন চীবরদান অনুষ্ঠান শেষ হয়েছে।
২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে চীবর (বৌদ্ধ সাধকদের পরনের কাপড়) তৈরি করে গতকাল বেলা সোয়া দুইটায় বৌদ্ধ সাধকদের দান করা হয়। গত বৃহস্পতিবার চাকমা সার্কেলের রানী য়েন য়েন চরকায় সুতা কেটে চীবর তৈরির অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন।
চীবরদান অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থানীয় নেতাদের মাধ্যমে পৃথক বাণী পাঠান এবং ভিক্ষুদের চীবরদান করেন। দুই নেত্রী নিজ নিজ বাণীতে গৌতমবুদ্ধের নীতিতে পার্বত্য এলাকাসহ বাংলাদেশ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধবিহারের সামনে চীবর রেখে পঞ্চশীল গ্রহণ করছেন ভক্তরা ছবি: প্রথম আলো
খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধবিহারের সামনে চীবর রেখে পঞ্চশীল গ্রহণ করছেন ভক্তরা ছবি: প্রথম আলো
রাঙামাটি রাজবন বিহারে ধর্মীয় প্রার্থনায় মগ্ন পুণার্থীরা l ছবি: প্রথম আলো
রাঙামাটি রাজবন বিহারে ধর্মীয় প্রার্থনায় মগ্ন পুণার্থীরা l ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির লোভ, দ্বেষ, হিংসা পরিহার করে ক্ষমা ও মৈত্রীর মনোভাব নিয়ে নিজের মনের, সমাজের ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানান। তিনি গৌতমবুদ্ধ ও ধর্মীয় গুরু বনভান্তের পথ অনুসরণের উপদেশ দেন।
রাজা দেবাশীষ রায় বলেন, কঠিন চীবরদান অনুষ্ঠান ঐক্য ও সংহতির মাধ্যমে কঠিন কাজকে সহজভাবে সম্পন্ন করার অনুপ্রেরণা জোগায়।

চীবরদান উপলক্ষে মোমবাতি প্রজ্বালন করা হচ্ছে  ছবি: প্রথম আলো
চীবরদান উপলক্ষে মোমবাতি প্রজ্বালন করা হচ্ছে ছবি: প্রথম আলো

পার্বত্য চট্টগ্রামের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধধর্মীয় সাধক বনভান্তে ৪১ বছর আগে সেই অনুপ্রেরণামূলক কাজ করতে উৎসাহ দিয়েছিলেন। সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৈত্রীময় বিশ্ব গড়ে তোলা সম্ভব বলে দেবাশীষ রায় উল্লেখ করেন।
অনুষ্ঠানে কয়েকজন জ্যেষ্ঠ বৌদ্ধভিক্ষুও উপস্থিত পুণ্যার্থীদের ধর্মীয় দেশনা (উপদেশ বাণী) দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রানী য়েন য়েন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, পুলিশ সুপার আমেনা বেগম, জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন।
কঠিন চীবরদানের সমাপনী অনুষ্ঠানের শুরুতে রাজা দেবাশীষ রায় সর্বসাধারণের পক্ষ থেকে ২৪ ঘণ্টায় তৈরি চীবর রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে তুলে দেন এবং পঞ্চশীল প্রার্থনা করেন। এরপর গৌতম দেওয়ান বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।