পর্যটন মৌসুমকে ঘিরে চাঙা হয়ে উঠছে কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য। হোটেল-মোটেল, রেস্তোরাঁর ব্যবসা এখন জমজমাট। গত বছরের ৩১ ডিসেম্বর থেকে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনের ‘মেগা বিচ কার্নিভ্যাল’কে ঘিরে গত সাত দিনে সৈকত ভ্রমণে এসেছেন অন্তত সাত লাখ পর্যটক।
কক্সবাজার গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি কাজী মোস্তাক আহমদ বলেন, বিচ কার্নিভ্যাল উপলক্ষে গত সাত-আট দিনে প্রায় সাত লাখ পর্যটক কক্সবাজারে এসেছেন। প্রতি পর্যটক দিনে অন্তত দুই হাজার টাকার বেশি খরচ করেছেন। বিচ কার্নিভ্যালের মতো সরকারি উদ্যোগে নানা বিনোদনের আয়োজন করা গেলে বিদেশি পর্যটকেরা বাংলাদেশ ভ্রমণে আরও উৎসাহী হবেন।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘মেগা বিচ কার্নিভ্যাল’ পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যবসা-বাণিজেও চাঙাভাব ফিরে এসেছে। বিদেশি পর্যটক টানতে ভবিষ্যতে আরও বর্ণাঢ্য আয়োজন করা হবে।
গত ৩১ ডিসেম্বর সৈকতের লাবণী পয়েন্টে শুরু হয় এই মেগা বিচ কার্নিভ্যাল। কার্নিভ্যালের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সৈকতের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ছিল নানা আয়োজন। সার্ফিং, বলীখেলা, ঘুড়ি উৎসব, বালু ভাস্কর্য প্রদর্শনী, লায়ন ডান্স, ফানুস ওড়ানো উৎসব আনন্দ দিয়েছে পর্যটকদের। মুক্তমঞ্চে ছিল দেশ সেরা ব্যান্ড দল ও শিল্পীদের পরিবেশনা।
গতকাল রোববার দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, কয়েক হাজার মানুষ সমুদ্রে গোসলে ব্যস্ত। ভাটার সময় ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা বাঁশি বাজিয়েও লোকজনকে সমুদ্র থেকে তুলছে পারছেন না।
ঢাকার শেওড়াপাড়ার গাজী মোতাহার হোসেন জানান, পানিতে নেমে গোসলের পাশাপাশি বিনোদনের অন্য ব্যবস্থা থাকলে কক্সবাজারে সারা বছর পর্যটকের ভিড় লেগে থাকবে।
জিয়া গেস্ট হাউসের মালিক শফিকুর রহমান জানান, ১৬ ডিসেম্বর থেকে সৈকতে পর্যটকের সমাগম হচ্ছে। এ পর্যন্ত শহরের চার শতাধিক হোটেল-মোটেলের কক্ষ খালি যায়নি। আরও কয়েক দিন এই অবস্থা চলবে।
জানতে চাইলে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ৯৮ শতাংশ পর্যটক বাড়ি ফেরার সময় কক্সবাজার থেকে শুঁটকি, আচার, পাহাড়িদের তৈরি কাপড়, শামুক, ঝিনুক কেনেন। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করা যায় এমন বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রতি সপ্তাহে পর্যটন খাতে ৩০০ কোটি টাকার ব্যবসা করা সম্ভব।