লাখো মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বিভিন্ন পাহাড় বৃষ্টির পানিতে ধসে পড়ছে। গতকাল রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বৈদ্যেরঘোনা, পাহাড়তলী, লারপাড়া ও কলাতলী পাহাড়ের অন্তত সাতটি অংশ ধসে পড়েছে। প্রবল বর্ষণ অব্যাহত থাকলে পাহাড়ধসে প্রাণহািনর আশঙ্কা করা হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, শহরের ১২টির বেশি পাহাড়ে ১৭ হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে অন্তত দেড় লাখ মানুষ।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, শহরের আদর্শগ্রাম, কলাতলী, সিটি কলেজ এলাকা, পাহাড়তলী, ঘোনাপাড়া, খাজামঞ্জিল, বৈদ্যেরঘোনাসহ বিভিন্ন এলাকার ১২টির বেশি পাহাড়ে বসবাসকারী দেড় লাখের বেশি মানুষ চরম ঝুঁকিতে আছে৷ প্রবল বর্ষণ অব্যাহত থাকলে পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গত পাঁচ বছরে শহরে ১০টির বেশি পাহাড়ধসের ঘটনায় কমপক্ষে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সকালে বৈদ্যেরঘোনা পাহাড় ঘুরে দেখা যায়, হাজার হাজার মানুষ উঁচু পাহাড় কেটে কাঁচা ঘরবাড়ি তৈরি করে ঝঁুকিপূর্ণভাবে বসবাস করছে৷ বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় নারী-শিশুরা গৃহবন্দী হয়ে পড়েছে।
স্থানীয় গৃহবধূ মনিরা বেগম বলেন, প্রতিদিন দেড় শ ফুট নিচে গিয়ে নলকূপ থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। কিন্তু বৃষ্টির জন্য পানি আনা সম্ভব হচ্ছে না। বৃষ্টির কারণে পাহাড় থেকে নিচে নামার রাস্তাটি পিচ্ছিল ও কাদাযুক্ত হয়ে পড়েছে।
স্থানীয় দিনমজুর সাইফুল ইসলাম বলেন, গত বছর জুনে প্রবল বর্ষণে তাঁর বসতবাড়ি ধসে পড়ে। এতে তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ের হাত-পা ভেঙে যায়। এবারও বসতবাড়ি ধসের আশঙ্কা করা হচ্ছে৷ কিন্তু ঘর তৈরির বিকল্প জমি নেই বলে পাহাড় থেকে নামা সম্ভব হচ্ছে না।
শহরতলীর বৈদ্যেরঘোনা, পাহাড়তলী, ঘোনাপাড়া, লাইটহাউসপাড়া, বাস টার্মিনাল পাহাড়েও এ রকম অসংখ্য ঝুঁকিপুর্ণ ঘরবাড়িতে বসবাস করছে হাজারো মানুষ।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, পাহাড় কাটা বন্ধ ও বসতি উচ্ছেদের জন্য গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অন্তত ২০টি অভিযান চালানো হয়েছে। এ সময় পাঁচ শতাধিক নতুন করে তৈরি ঘরবাড়ি উচ্ছেদ করা হলেও আরও ১৫ হাজারের বেশি অবৈধ স্থাপনা রয়ে েগছে। এসব স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান দরকার।
সরদার শরীফুল ইসলাম বলেন, বর্ষণ শুরু হওয়ায় পাহাড় কাটার মাটি নরম হয়ে ধসে পড়ছে। বর্ষণ অব্যাহত থাকলে এই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, বর্ষাকাল এলেই পাহাড়ে বসবাসকারী লাখো মানুষকে নিয়ে আতঙ্কে থাকতে হয়। পাহাড়ধসে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হচ্ছে। কিন্তু মাথা গোঁজার বিকল্প ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় পাহাড় থেকে লোকজনকে সরিয়ে আনা যাচ্ছে না।
‘কক্সবাজার বাঁচাও’ আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, দেশের জলবায়ু উদ্বাস্তু দেড় লাখ মানুষের পাশাপাশি জেলার বিভিন্ন পাহাড়ে বর্তমানে বসবাস করছে আরও অন্তত তিন লাখ রোহিঙ্গা। রোহিঙ্গারা ঘরবাড়ি তৈরির জন্য প্রতিদিন পাহাড় নিধন করছে। অনেকে বৃষ্টির সুযোগ নিয়ে পাহাড় কাটছে। বৃষ্টির পানির সঙ্গে পাহাড় কাটার মাটি নেমে এসে শহরের নালা-নর্দমা ভরাট হচ্ছে। ফলে পুরো শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা।