গত এক সপ্তাহের অস্বাভাবিক জোয়ারের উচ্চতা কমে এলেও দক্ষিণাঞ্চলের মানুষের এখন প্রধান সমস্যা জলাবদ্ধতা। জোয়ারের চাপে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। ভোলা, বরগুনা ও পটুয়াখালী—এই তিন জেলার প্রায় সব উপজেলার অধিকাংশ ঘরবাড়ি এখন পানিতে ডুবে গেছে। ভেসে গেছে ফসলের খেত। আউশ ও আমনের উৎপাদনে গুরুতর প্রভাব ফেলতে যাচ্ছে এই জলাবদ্ধতা।
পূর্ণিমার প্রভাবে ১১ জুলাই থেকে এসব জেলার নদ-নদীতে চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হয়। ১৭ জুলাই পর্যন্ত তা অব্যাহত থাকে। এতে তিনটি জেলার প্রায় এক শ কিলোমিটার এলাকার বাঁধ বিলীন হয়ে যায়। বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অনেক সুরক্ষিত এলাকা।
জলাবদ্ধতায় তিন জেলার লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছে। অনেকের বাড়িঘরে কোমর সমান পানি। রান্না নেই। চুলো জ্বলছে না কয়েক দিন ধরে। রমজানে তাই ভোগান্তি পৌঁছেছে চরমে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, বরগুনা এবং ভোলা ও পটুয়াখালী অফিসের পাঠানো খবর:
বরগুনায় ৬৮টি গ্রাম জলাবদ্ধ: বরগুনার ছয়টি উপজেলার ৬৮টি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ জলাবদ্ধতায় আটকে গেছে। অস্বাভাবিক জোয়ারে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ছে। দু-তিন দিনের মধ্যে অমাবস্যার প্রভাবে জোয়ারে উচ্চতা বাড়লে পরিস্থিতি হবে আরও ভয়াবহ।
সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, অস্বাভাবিক জোয়ারের কারণে বরগুনা সদরের ১১টি, বেতাগী উপজেলার ১০টি, পাথরঘাটার ১৮টি, তালতলীতে ১৬টি, আমতলীতে চারটি ও বামনায় নয়টি গ্রাম সম্পূর্ণ জলাবদ্ধ হয়ে পড়েছে। বেতাগী উপজেলার উত্তর বেতাগী এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার প্রায় ৪০০ পরিবার পানিবন্দী। ঘরের পানি কমলেও সর্বত্র কাদাপানি। রান্নাবান্না নেই। গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘রান্নাঘরে ও চুলায় পানি উঠে যাওয়ায় প্রায় সব বাড়িতেই রান্না বন্ধ। রোজার মধ্যে কী যে দুর্ভোগ হচ্ছে, বলে বোঝাতে পারব না।’
তালতলী উপজেলার নিদ্রা এলাকার আবদুল জব্বার (৭০) বলেন, ‘বাবা এইডা ক্যামন দুর্যোগ। ঝড়-বইন্না কিছু নাই অথচ বাড়িঘরে বুকসমান পানি। যে অবস্থা, হ্যাতে আউশ-ইরি ফসলাদি সব শ্যাস।’ সদরের খাজুরতলা গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘আমনের বীজতলা করছিলাম। কিন্তু জোয়ারের পানিতে সব পইচ্চা গ্যাছে।’
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার জেলায় আউশের আবাদ হয়েছে ৪৬ হাজার ৩৫৫ হেক্টর জমিতে। এর প্রায় ৮০ ভাগ জমিই বর্তমানে কোমরসমান পানিতে নিমজ্জিত। অনেক এলাকায় আউশের গাছের গোড়ায় পচন ধরেছে। পানি আরও তিন-চার দিন স্থায়ী হলে পুরো গাছই পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এ ছাড়া ৫২১ হেক্টর জমির আমনের বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে সম্পূর্ণ পচে গেছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ বলেন, আমনের বীজতলা পুরোটাই বিনষ্ট হয়েছে। আউশের ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা হয়নি। দু-এক জায়গায় আউশের গোড়ায় পচন ধরার খবর পাওয়া গেছে।
পাউবোর বরগুনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবুল খায়ের বলেন, এক সপ্তাহ ধরে যে উচ্চতার জোয়ার হচ্ছে, তা খুবই অস্বাভাবিক। এই সময়ে এত উচ্চতার জোয়ার হওয়ার নজির নেই। এতে চলতি আউশ ও ব্রির ফসলের যেমন ক্ষতি হবে, তেমনি মাটিতে দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া হিসেবে লবণাক্ততার আধিক্যও বাড়বে।
ভোলায় ৭০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত: সাত দিনের অস্বাভাবিক জোয়ারে সদর উপজেলায় ১১ কিলোমিটার, দৌলতখানে ৫, বোরহানউদ্দিনে ১০, তজুমদ্দিনে ৩, লালমোহনে ৬, চরফ্যাশনে ১৫ ও মনপুরায় ২০ কিলোমিটার এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানি ঢুকে ডুবে গেছে বহু গ্রাম।
সরেজমিনে দেখা গেছে, সদরের রাজাপুর, পূর্ব ইলিশা, কাচিয়া, ধনিয়া ও শিবপুর ইউনিয়নের ছয়টি গ্রামের প্রায় ১১ কিলোমিটার এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ছুটে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ রাজাপুর, মুরাদ সফুল্লা, বিশ্বরোডের মাথা, নাদোর মিয়ার হাট, নাছিরমাঝি, কোরারহাট ও শিবপুর কালীকীর্ত্তি গ্রামের ২১টি স্থানে।
জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যে কয়েকটি চর ইউনিয়ন আছে, যেখানে কোনো বাঁধ নেই। একটু উচ্চ জোয়ার হলেই ওই সব ইউনিয়ন প্লাবিত হয়। দুর্গম ওই লোকালয়গুলো এখনো প্লাবিত। প্লাবিত চরগুলো হচ্ছে: ভেলুমিয়া, ভেদুরিয়া, উত্তর রাজাপুর, পূর্ব কাচিয়া, মদনপুর, হাজীপুর, ঢালচর, চর জহিরুদ্দিন ও চর কচুয়া। এসব চরের লক্ষাধিক মানুষ এখন মানবেতর জীবন যাপন করছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের এক উপসহকারী প্রকৌশলী জানান, সাত দিনের অস্বাভাবিক জোয়ারে ভোলার সাতটি উপজেলায় নতুন-পুরোনো মিলিয়ে প্রায় ৬০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জলাবদ্ধতা ও বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ মঙ্গলবার ভোলায় আসছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
পটুয়াখালীর ৩৩ গ্রাম প্লাবিত: জেলার বিভিন্ন উপজেলার পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১০ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এই ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অন্তত ৩৩টি গ্রাম।
পাউবোর পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, পূর্ণিমার প্রভাবে ১২ জুলাই থেকে জোয়ারের সময় নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে প্রবাহিত হতে থাকে। এতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রামের অন্তত ২০০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে বলইকাঠি, বান্দুরা ও চিংগুড়িয়া গ্রামের কমপক্ষে পাঁচ হাজার মানুষÿক্ষতির শিকার হয়েছে। এখনো অনেক এলাকায় পানিতে ডুবে আছে বীজতলা।
খোঁজ নিয়ে জানা যায়, দশমিনায় বাঁধ ভেঙে তিনটি গ্রাম, মির্জাগঞ্জে দুটি গ্রাম, কলাপাড়ায় ১১টি গ্রাম, বাউফলে আটটি গ্রাম, দুমকিতে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে সেসব গ্রামের ফসলি জমি। তলিয়ে গেছে কৃষকের বীজতলা, ভেসে গেছে পুকুরের মাছ।
জোয়ারে পায়রা নদীর পানির প্রবল স্রোতে বেড়িবাঁধের ৭০০ মিটারের বেশি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভেঙে যাওয়া এই অংশ দিয়ে পানি ঢুকে লেবুখালী, মোল্লাখালী, মরিচের খাল, আলগী ও পাঙ্গাশিয়া—এই পাঁচটি গ্রাম প্রবাহিত হচ্ছে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিউদ্দিন বলেন, অস্বাভাবিক জোয়ারে জেলার অন্তত ১০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এই বাঁধ নির্মাণ করতে কমপক্ষে আট কোটি টাকার প্রয়োজন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত বাঁধ নির্মাণকাজ শুরু করা হবে।