লাখো মুসল্লির অংশগ্রহণে অনন্য জুমার নামাজ
পবিত্র হজের আগে শেষ জুমায় মক্কায় সমবেত হওয়া বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান গতকাল শুক্রবার মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেন।
কানাডাপ্রবাসী দেওয়ান সিদ্দিকুর রহমান, আমেরিকাপ্রবাসী সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্য মমতাজ মহল, জিন্নাতুন নিসাসহ কয়েকজন হজযাত্রী বললেন, ফজরের নামাজ পড়ে কাবা শরিফের কাছাকাছি অপেক্ষা করেছিলেন তাঁরা। তাঁদের অনেকে প্রথম কাতারে নামাজ আদায় করতে পেরেছেন।
জুমার নামাজ শুরু হতে তিন ঘণ্টা বাকি। বাইরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপ উপেক্ষা করে স্রোতের মতো মুসল্লিরা ছুটেছেন মসজিদুল হারামের দিকে। খুতবা শোনার জন্য মসজিদের বাইরেও ছিল পর্যাপ্ত মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। খুতবায় বিশ্বের সব মানুষের জন্য দোয়া করা হয়। মসজিদুল হারামের ইমাম শাঈখ মাহের বিন হামেদ আল মায়াকলি নামাজে ইমামতি করেন।
ফেরার পথে কথা হলো নওগাঁর পত্নীতলার ডা. ময়েজউদ্দিন, নাজিরপুরের মাওলানা মুহাম্মদ সিরাজুম মুনির এবং গাজীপুর সদরের আওলাদ হোসেনের সঙ্গে। তাঁরা বললেন, ‘এত বড় জামাতে জুমার নামাজ আদায় করেছি। শুকরিয়া জানাই আল্লাহর কাছে।’
কাবা শরিফ, মাতাফ (তাওয়াফের স্থান), বেসমেন্ট, নিচতলা, একতলা, দোতলা, ছাদ সব ছিল কানায় কানায় ভরা। কাবা শরিফের আশপাশের রাস্তাও ছিল মুসল্লিতে পূর্ণ।
মসজিদুল হারামে প্রবেশের জন্য ছোট-বড় শতাধিক পথে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি পথে পুলিশ তল্লাশি করেছে। যাঁদের সঙ্গে ব্যাগ ছিল, সেই ব্যাগ পরীক্ষার পর প্রবেশের অনুমতি মিলেছে। যাঁদের সঙ্গে বড় ব্যাগ ও ক্যামেরা ছিল, তাঁদের নামাজ আদায় করতে হয়েছে বাইরে। কারণ, এসব নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।