লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মক্কা থেকে ফেরদৌস ফয়সাল
মক্কা থেকে ফেরদৌস ফয়সাল

পবিত্র হজের আগে গতকাল শুক্রবার ছিল শেষ জুমা। হজ পালনের জন্য মক্কায় সমবেত হওয়া বিশ্বের নানা প্রান্তের লাখো ধর্মপ্রাণ মুসলমান গতকাল পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেন। নানা বর্ণ, গোত্রের মানুষ দাঁড়িয়েছেন এক কাতারে।
কয়েকজন হজযাত্রী বলেছেন, ফজরের নামাজ আদায় করার পর পবিত্র কাবা শরিফের কাছাকাছি অপেক্ষা করেছিলেন তাঁরা। তাঁদের অনেকে প্রথম কাতারে নামাজ আদায় করতে পেরেছেন।
জুমার নামাজ শুরুর দুই ঘণ্টা আগেই মসজিদুল হারামের দিকের রাস্তাগুলোতে ছিল মুসল্লিদের স্রোত। নারী-পুরুষ-শিশু সবাই জুমার নামাজ আদায় করতে যাচ্ছেন। অসুস্থ বা দুর্বল ব্যক্তিরা ছিলেন হুইলচেয়ারে।
মসজিদুল হারামের মাতাফ (তাওয়াফের স্থান), বেসমেন্ট, নিচতলা, একতলা, দোতলা—সব ছিল কানায় কানায় ভরা। কাবা শরিফের আশপাশের রাস্তাও ছিল মুসল্লিতে পূর্ণ। মিসফালাহ এলাকার (কবুতরের মাঠ) খালি স্থানে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি।
খুতবা শোনার জন্য মসজিদের বাইরেও ছিল পর্যাপ্ত মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। জুমার নামাজ আদায় করে ফেরার পথে কথা হয় ঢাকার কলাবাগানের আবুল হোসেন সিদ্দিক দম্পতির সঙ্গে। তাঁরা বলেন, ‘এত বড় জামাতে জুমার নামাজ আদায় করেছি। শুকরিয়া জানাই আল্লাহর কাছে।’
এবার বাংলাদেশ থেকে ১ লাখেরও বেশি মানুষ পবিত্র হজ পালন করতে এসেছেন। তাঁদের মধ্যে আছেন গ্রাম থেকে আসা মানুষও, আছেন বয়োবৃদ্ধ, নারী ও স্বল্পশিক্ষিত মানুষও। তাঁদের অনেকে মক্কার যে এলাকায় থাকছেন, সে এলাকার নাম জানেন না। তাঁদের দলনেতার নামও ঠিকমতো বলতে পারেন না। কাবা শরিফ তাওয়াফ শেষে অথবা মসজিদুল হারামে নামাজ আদায় শেষে এমন ব্যক্তিদের কেউ ভিড়ের কারণে দলছুট হয়ে পড়লে বাসায় পৌঁছাতে বেশ বিড়ম্বনায় পড়ছেন। ঠিকানা বলতে পারলে স্থানীয় লোকজন বা প্রবাসী বাংলাদেশিরা বাসায় বা বাংলাদেশ হজ কার্যালয়ে পৌঁছে দেন।
দলছুট হয়ে বিড়ম্বনায় পড়া হজযাত্রীরা মূলত বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন। বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায়ই বেশির ভাগ হজযাত্রী এসেছেন। এমন কয়েকজন বললেন, তাঁদের যেসব সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে আনা হয়েছে, তার সবকিছু পাচ্ছেন না।
ঢাকার সাভারের বাসিন্দা আলাউদ্দিন আহমেদ স্ত্রী ও বোনসহ হজ পালন করতে এসেছেন। তিনি বলেন, তাঁরা এসেছেন এলাকার পরিচিত এক ব্যক্তির মাধ্যমে। ওই ব্যক্তিকে জনপ্রতি ৩ লাখ টাকা দিয়েছিলেন। আসার আগে তাঁদের যেসব সুবিধার কথা বলা হয়েছিল, এসে দেখেন তার সঙ্গে মিল নেই। বিষয়টি জানালে সংশ্লিষ্ট ব্যক্তি বলেছেন, ২ লাখ ২০ হাজার টাকায় আর কত সুবিধা চান। এখানে এসে জানতে পারেন, দেশেই তাঁদের জোগাড় করে দেওয়া ব্যক্তি জনপ্রতি ৮০ হাজার টাকা করে রেখেছেন।
কয়েকজন বললেন, পবিত্র কাবা শরিফের কাছাকাছি স্থানে রাখা হবে, এমন কথা বলা হলেও তাঁদের রাখা হচ্ছে দূরে। এ ছাড়া তিন বেলা খাবার দেওয়া, মক্কা ও মদিনার দর্শনীয় স্থান দেখানো এবং তাসরিয়া অনুযায়ী প্রত্যেকের জন্য একটি খাট, মালামাল রাখার স্থানের ব্যবস্থা থাকাসহ অন্যান্য সুবিধার কথা বলা হলেও সব পাওয়া যায় না।
এজেন্সির মাধ্যমে আসা হজযাত্রীদের জন্য একজন করে দলনেতা থাকেন। দলনেতারাই মূলত দেশে এজেন্সির কাছে নেওয়ার আগে তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেন। কিন্তু সৌদি আরবে এসে সে অনুযায়ী সুযোগ-সুবিধা পান না। এ ব্যাপারে ভুক্তভোগী অভিযোগ করলে দলনেতা ও এজেন্সি পরস্পরকে দোষারোপ করে। কিন্তু হাজিদের সমস্যার সমাধান হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলনেতা বলেন, গ্রাম থেকে হজযাত্রী জোগাড় করে এজেন্সিকে দেওয়ার বিনিময়ে দলনেতা বিনা খরচে হজ পালন করেন ও নগদ অর্থ পান।