লাখো মুসল্লির ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার লাখো মুসল্লির ঢল নামে হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামে।
আজ শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের চট্টগ্রাম জেলা ইজতেমা।
গতকাল ইজতেমার মাঠে জুমার নামাজ আদায় করতে সকাল থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। এ কারণে হাটহাজারী-নাজিরহাট সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। তিন কিলোমিটার দূর থেকেও হেঁটে এসে মুসল্লিরা জুমার নামাজে অংশ নেন। স্থানীয় সাংসদ ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা ইজতেমার মাঠে জুমার নামাজে অংশ নেন।
গতকাল সকাল ১০টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা গাড়ি থেকে নামছেন। এরপর তাঁরা সেখান থেকে তিন কিলোমিটার দূরের চারিয়া ইজতেমা মাঠের উদ্দেশে হাঁটা শুরু করেন। রাস্তায় জনজট লেগে যাওয়ায় পুলিশ সিএনজিচালিত অটোরিকশাও চলতে দিচ্ছে না। জুমার নামাজের আগ পর্যন্ত ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল অব্যাহত ছিল।
বেলা ১১টার দিকে ইজতেমার মাঠে গিয়ে দেখা যায়, চারদিক থেকে হেঁটে মুসল্লিরা আসছেন। আর যাঁরা প্রথম দিন থেকে ইজতেমার মাঠে অবস্থান করছেন, তাঁরা সর্বশক্তিমান আল্লাহর জিকির-আজকারে মশগুল।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য মাওলানা আবু নাছের প্রথম আলোকে বলেন, শুক্রবার বাদ ফজর বয়ান করেন তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা আবদুল বার। সকাল সাড়ে আটটা পর্যন্ত তিনি বয়ান করেন।
জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান মুরব্বি মাওলানা জুবায়ের। তিনি আজ আখেরি মোনাজাতও পরিচালনা করতে পারেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, জুমার নামাজে প্রায় সাত লাখ মুসল্লি উপস্থিত ছিলেন। শেষ দিনে মুসল্লির সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, ইজতেমার মাঠে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সতর্ক অবস্থানে আছে পুলিশ।