লাখো কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গাইলেন চট্টগ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কণ্ঠ মিলিয়েছেন চট্টগ্রামবাসীও। গতকাল বুধবার নগরের বেশ কয়েকটি স্থানে জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড, খেলাঘর, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসক আবদুল মান্নান, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের নেতারাসহ ৫২টি স্কুলের কয়েক হাজার শিক্ষার্থীর কণ্ঠে ধ্বনিত হয় ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। এর আগে সকাল নয়টা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ প্রদর্শনী। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করে স্বাধীনতার গান, নাচ, নাটক।
গতকাল নগরের চট্টেশ্বরী মোড়েও জাতীয় সংগীত গাওয়া হয়। সেখানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সর্বস্তরের লোকজন শামিল হন। এ ছাড়া জাতীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নগরজুড়ে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে ৪৩তম মহান স্বাধীনতা দিবস।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মেয়রের পর মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ নানা প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল সকাল ১০টায় চেরাগী মোড়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। থিয়েটার ইনস্টিটিউটের সামনে তাদের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, গণসংগীত, নাটক ইত্যাদি। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক মন্ত্রী ও বঙ্গবন্ধুর সহচর জহুর আহমেদ চৌধুরীর কবরের পাশে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা হয়। সেখানেও মাহতাবউদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন খান, কোতোয়ালি থানা আওয়ামী লীগের নেতা হাসান মনসুর প্রমুখ।