লাখো কণ্ঠে প্রাণের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যানের লোকারণ্যে গতকাল ৪৩তম বিজয় দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আগে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নেন সমবেত মানুষ । ছবি: ফোকাস বাংলা
সোহরাওয়ার্দী উদ্যানের লোকারণ্যে গতকাল ৪৩তম বিজয় দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আগে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নেন সমবেত মানুষ । ছবি: ফোকাস বাংলা

চোখে পানি, বুকে হাত, কণ্ঠে জাতীয় সংগীত। সোহরাওয়ার্দী উদ্যানে উন্নত শিরে লাখ লাখ মানুষ এক সুরে গাইলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। বাঙালির আবেগের সঙ্গে রবীন্দ্রনাথের অনবদ্য সুরের মেলবন্ধনে বাংলাদেশের জাতীয় সংগীতের মূর্ছনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে।
গতকাল সোমবার বিকেল চারটা ৩১ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ৪৩তম বিজয় দিবসে লাখো বাঙালি একসঙ্গে গাইলেন তাঁদের প্রাণের গান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, চারটা ৩১ মিনিটে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে উদিত হয় এ দেশের স্বাধীনতার রক্তিম সূর্য। তাই জাতীয় সংগীত গাইতে এই সময়টিই বেছে নেওয়া হয়। স্বাধীনতার ৪২ বছর পরে দেশের মাটিতে মানবতাবিরোধী অন্যতম অপরাধী কাদের মোল্লার বিচার কার্যকর হওয়ার পরেই বিজয় দিবসে এই জাতীয় সংগীত যেন পুরো বিশ্বে বাঙালির দেশপ্রেমের বার্তা পৌঁছে দিল।
সারা বাংলার গ্রামগঞ্জ, হাটবাজার, উপজেলা, জেলা ও বিভাগীয় শহরের ১৬ কোটি বাঙালি যে যেখানে আছেন, সেখান থেকেই একই সময়ে জাতীয় সংগীত গাওয়ার আহ্বান জানানো হয়। এমনকি প্রবাসী বাংলাদেশিরাও বিশ্বের সব বড় শহর থেকে এই জাতীয় সংগীতে যোগ দেন।

সোমবার সকালে ‘বিজয়ের সূর্যোদয়, বাংলাদেশ বিশ্বময়’ স্লোগান নিয়ে বিজয় ২০১৩ উদ্যাপন কমিটি, গণজাগরণ মঞ্চ, সেক্টর কমান্ডারস ফোরাম, বিজয় ৪:৩১ মঞ্চ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ সম্মিলিতভাবে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের দিনব্যাপী অনুষ্ঠান শুরু করে।

শুরুতেও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একাত্তরের সকল শহীদ, বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার ও পরে গণতান্ত্রিক আন্দোলনে নিহত সবার আত্মার শান্তি কামনায় পালন করা হয় এক মিনিট নীরবতা। চলতে থাকে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা।

লাল-সবুজের পতাকার চিত্র মুখে-গালে এঁকে আনন্দে মেতে ওঠে বাবা-মায়ের হাত ধরে আসা শিশুরা। শিশুদের সঙ্গে বাবা-মাও সেজেছেন লাল-সবুজের আবহে। মাথায় লাল-সবুজের পতাকা বেঁধে মেয়েরা লাল শাড়ি ও ছেলেরা লাল-সবুজ পাঞ্জাবি পরে দলে দলে যোগ দিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় উৎসবে। থেকে থেকে তারা ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা।

সাম্প্রতিক সময়ে বিরোধী দলের টানা হরতাল-অবরোধ এমনকি নাশকতার আতঙ্ক ভুলে জাতীয় সংগীতে শরিক হতে মোটরসাইকেলে জাতীয় পতাকা উড়িয়ে এসেছেন যাত্রাবাড়ীর কল্লোল দম্পতি। সঙ্গে সাড়ে চার বছরের মেয়ে মীম, স্কুলে শেখা জাতীয় সংগীত গেয়ে মহা উল্লসিত সে।

নাতনি মুক্তিকে (১৫) নিয়ে জাতীয় সংগীতে গলা মেলালেন মুক্তিযোদ্ধা কাদের আহমেদ। তিনি চট্টগ্রামে কালুর ঘাটে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। নাতনিকে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত করতে বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে যোগ দিতে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছেন তিনি।

জাতীয় সংগীতের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থীরা মঞ্চস্থ করেন ঐতিহাসিক ‘আত্মসমর্পণের সেই মুহূর্ত’। আত্মসমর্পণের প্রেক্ষাপট বর্ণনা করেন অধ্যাপক আনিসুজ্জামান। জাতীয় সংগীতের পরে উপস্থিত সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ পাঠ করান মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার। এরপর মুক্তিযোদ্ধা কে এম সফিউল্লাহ ও আবু ওসমান চৌধুরী বাংলাদেশের পতাকা নতুন প্রজন্মের গণজাগরণ মঞ্চের দুই সমন্বয়ক ইমরান এইচ সরকার ও মাহমুদুল হক মুন্সীর হাতে তুলে দেন।

‘বিজয় ২০১৩’-এর উদ্বোধনী বক্তব্যে বর্তমান পরিস্থিতিকে একাত্তরের নতুন সংস্করণ আখ্যা দিয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার গ্রামগঞ্জ, পাড়া-মহল্লায় জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধে কমিটি গঠনের আহ্বান জানান।

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘একাত্তরের পরে এ বছরের বিজয় দিবস ভিন্ন মাত্রা পেয়েছে। দীর্ঘদিন পর এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু এবং একজনের রায় কার্যকর হয়েছে। তাই এবার বিজয় দিবসে নতুন প্রজন্মের অংশগ্রহণও ভিন্ন রকম।’

বেলা সাড়ে ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত পর্যায়ক্রমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ভাওয়াইয়া অঙ্গন, ঘাসফুল, পদাতিক, নজরুলসংগীত শিল্পী সংস্থা, সুরতীর্থ, ছায়ানট, মিউজিক কলেজ, ঢাকা সাংস্কৃতিক দল, সুরের ধারা শিল্পীগোষ্ঠী, ঋষিজ শিল্পীগোষ্ঠী, খেলাঘর, কনসার্ট ফর ফ্রিডম, ওল্ড স্কুল, রেডিও অ্যাকটিভ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ নানা সংগঠন।