নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান শুরু হয়েছে। লাখ লাখ পুণ্যার্থীর পদভারে মুখরিত হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদের আড়াই কিলোমিটার এলাকা। গতকাল সোমবার দিবাগত রাতে এ স্নানোত্সব শুরু হয়। ‘হে মহা ভাগ ব্রহ্মপুত্র! হে লৌহিত্য! তুমি আমার পাপ হরণ কর’—এই মন্ত্র উচ্চারণে পুণ্যার্থীরা পাপমোচনের আর্তি জানান। কৃপা চান ব্রহ্মার। মধ্যরাত থেকে স্নান উত্সবে মেতে ওঠেন তাঁরা। গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান লাঙ্গলবন্দে। উত্সব কমিটির নেতারা বলেছেন, প্রতি বছরের মতো এবারও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে আসা বিপুলসংখ্যক পুণ্যার্থী যোগ দিচ্ছেন উত্সবে। স্নানের লগ্ন শুরু হয় গতকাল দিবাগত রাত দুইটা ছয় মিনিট ১১ সেকেন্ডে। শেষ হবে আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৩ মিনিট ৩৭ সেকেন্ডে। স্নানের জন্য ১৩টি ঘাট নির্দিষ্ট থাকলেও একটি ঘাট এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ১২টি ঘাটে স্নান সম্পন্ন করছেন পুণ্যার্থীরা। উত্সবকে কেন্দ্র করে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকজ মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস লাঙ্গলবন্দের এ স্থানে স্নান করে পাপমুক্ত হয়েছিলেন পৌরাণিক ঋষি পরশুরাম। এ বিশ্বাস থেকেই পাপমুক্ত হয়ে ওঠার বাসনায় লাখো পুণ্যার্থী এখানে মেতে ওঠেন স্নান উত্সবে।বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, দুটো ঘাট ছিল ভাঙাচোরা। ঘাট দুটো সংস্কার করে স্নানের উপযোগী করে তোলা হয়েছে। প্রত্যেক ঘাটের পাশে মহিলাদের কাপড় বদলানোর ব্যবস্থা করা হয়েছে। বিশুদ্ধ পানীয়জলের জন্য ৫৩টি নলকূপ বসানো হয়েছে। প্রতি মিনিটে চার হাজার লিটার পানি ওঠাতে সক্ষম একটি পাম্পও বসানো হয়েছে। ২৫টি ধর্মীয়, সামাজিক ও সেবামূলক সংগঠন ক্যাম্প খুলেছে। এসব ক্যাম্প থেকে পুণ্যার্থীদের রান্না করা খাবার ও চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে।