লাখো প্রদীপের আলোয় আলোকিত মহাশ্মশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী শ্মশান দীপাবলিতে গতকাল মানুষের ঢল নামে। প্রতিবছর উৎসবের দিন সন্ধ্যায় কয়েক লাখ প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে মহাশ্মশান এলাকা। বরিশাল নগরের আদি শ্মশানে প্রায় ২০০ বছর ধরে চলে আসছে এই আয়োজন।শ্মশান দীপাবলি উপলক্ষে মাসব্যাপী স্বজনেরা তাঁদের পরলোকগত আত্মীয়স্বজনের সমাধিমন্দির ধোয়া-মোছার কাজ করেন। মহাশ্মশান রক্ষা কমিটি ব্যস্ত থাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে। মোটকথা, দীপাবলিকে ঘিরে নানা আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে সনাতন ধর্মাবলম্বীরা।গতকাল সোমবার সকাল থেকে শুরু হয় দীপাবলির আয়োজন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। বরিশালের এই দীপাবলি অনুষ্ঠান দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে স্বীকৃত। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শ্মশানও এটি। অবিভক্ত বাংলার অনেক গুণী ব্যক্তির সমাধিমন্দির এখানে। রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সমাধি। তাই বরিশালের বাইরের জেলা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও স্বজনেরা এসে উপস্থিত হন দীপাবলি উৎসবে। এ উপলক্ষে শ্মশান এলাকায় দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। শুভ ভূতচতুদর্শীর পূর্ণ তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসবের আয়োজন করে আসছে। গোধূলিবেলায় হাজার হাজার নর-নারী শ্মশানে স্বজনদের সমাধিতে প্রদীপ জ্বেলে তাঁদের আত্মার শান্তি কামনা করেন। ভারত থেকে আসা খোকন ঘোষ দস্তিদার বলেন, ‘পৃথিবীতে এত বড় শ্মশান দীপাবলি উৎসব হয় বলে আমার জানা নেই।’