লাখো মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-ছাতক সড়কের পাঁচ কিলোমিটার সংস্কার না করায় লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে। দুই বছর আগে এ সড়কের ২২ কিলোমিটার নতুন করে নির্মাণ করা হলেও এ পাঁচ কিলোমিটারে কোনো কাজ হয়নি।
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে জানা গেছে, সুনামগঞ্জ-ছাতক সড়কের দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। ২০১০ সালে ৪৬ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ অংশের ২২ কিলোমিটার সড়ক নতুন করে নির্মাণ করা হয়। কিন্তু ছাতক অংশের ছাতক ইউনিয়নের আন্দারগাঁও থেকে ছাতক পৌর শহরের বাজনামহল পর্যন্ত পাঁচ কিলোমিটারের কোনো কাজ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের এ পাঁচ কিলোমিটারের বিভিন্ন স্থানে ঢালাই উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে। যান চলাচলের সুবিধার জন্য এলাকাবাসী নিজেদের উদ্যোগে কিছু কিছু জায়গায় বালু ও মাটি ফেলে গর্ত ভরাট করে দিয়েছেন। এলাকাবাসীর অনেকে জানান, এই সড়ক দিয়ে ছাতক উপজেলার ছাতক সদর, চরমহলা, উত্তর খুরমা, সিংচাপইড়, দক্ষিণ খুরমা, ভাতগাঁও, দোলারবাজার, জাউয়াবাজার, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও এবং দোহালিয়া ইউনিয়নের লক্ষাধিক মানুষ উপজেলা সদরে যাতায়াত করে। ছাতক ইউনিয়নের গণকখাই গ্রামের শিক্ষক নূরে আলম জানান, নতুন করে সড়কটি নির্মাণ করায় এখন ছাতক উপজেলা থেকে সুনামগঞ্জ জেলা শহরে যাওয়া খুবই সহজ হয়েছে। একইভাবে ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার লোকজনও সহজে উপজেলা সদরে যাতায়াত করছে। তবে সড়কের পাঁচ কিলোমিটার সংস্কার না করায় আট বছর ধরে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। ছাতক শহরের বাজনামহল এলাকার টেম্পোচালক সাহেদ মিয়া বলেন, ‘গর্তে ভরা সড়কে গাড়ি চালাইলে কয়দিন পর পর গাড়ি নষ্ট অই যায়। ভাঙা সড়কে গাড়ির ঝাঁকুনিতে মানুষ আগের বালা ২২ মাইলের সুখ ভুলি যাইন।’ এলজিইডির ছাতক উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার বলেন, এ সড়কের অবশিষ্ট অংশ সংস্কার করতে দুই কোটি ২০ লাখ টাকার একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এটি অনুমোদিত হলে দরপত্র আহ্বান করা হবে। চলতি বছরই কাজ শুরু হতে পারে।