লাখো মানুষের রক্তের সঙ্গে বেইমানি করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘যুদ্ধাপরাধীদের পক্ষ’ ত্যাগ করার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে বলেন, ‘লাখো মানুষের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। যুদ্ধাপরাধীদের সহযোগিতার দায়ে দেশের জনগণ এক দিন আপনারও বিচার চাইবে।’বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে লক্ষ করে বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে বহু চেষ্টা করেছেন; পারেননি। যুদ্ধাপরাধীদেরও রক্ষা করতে পারবেন না।’ খালেদা জিয়ার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর স্বামী যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। ইয়াহিয়ার দূত হিসেবে বাংলাদেশবিরোধী বক্তব্য দিতে যাওয়া শাহ আজিজকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। তাঁর স্ত্রী যুদ্ধাপরাধীদের পক্ষে মাঠে নামবেন, এটাই স্বাভাবিক।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে শেখ হাসিনা আরও বলেন, ‘তাঁর ভুলে অনেক প্রাণহানি ঘটায় যুদ্ধের সময় তাঁকে কয়েক দফা সাময়িকভাবে বরখাস্ত করা হয়। আর তিনি যে যুদ্ধ করেছেন, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁকে “মেজর রিট্রিট” বলা হতো।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নেত্রী বলছেন, আমাদের পরিবার নাকি মুক্তিযুদ্ধ করেনি। আমাদের পরিবারের সবাই মুক্তিযুদ্ধ করেছে।’সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তীব্র সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তিনি এতিমের টাকা খেয়েছেন। তাঁর ছেলেরা মানি লন্ডারিং করেছে।’২০০১ সালের নির্বাচন-পরবর্তী অত্যাচার-নির্যাতনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী এ সময় প্রচারমাধ্যমেরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘দুয়েকটি পত্রিকা ছাড়া তখনকার অত্যাচার-নির্যাতনের কথা খুব একটা লেখা হতো না।...আর এখন কোনো কিছু ঘটলেই যেভাবে লেখা হয়...।’ দেশের অর্থনীতি মজবুত রয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের আর্থিক সংগতি বেড়েছে। মাথাপিছু আয় বেড়েছে। দারিদ্র্যের হার ৪০ থেকে ৩০ শতাংশে নামিয়ে এনেছি।’আলস্য ত্যাগ ও ঐক্যের আহ্বান: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর বক্তব্যে দলের নেতা-কর্মীদের প্রতি ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, ‘ক্ষমতায় এলে আমাদের মধ্যে অলসতা আসে, ধরাকে সরা জ্ঞান করি, বিভেদ সৃষ্টি করি; আখের গোছানোর জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য বেশি সময় নষ্ট করি। ক্ষমতায় থাকার সময় আমরা সিরিয়াস থাকি না বলেই আমাদের ওপর বারবার আঘাত এসেছে।...তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’সভায় আরও বক্তব্য দেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন নূহ-উল-আলম লেনিন ও অসীম কুমার উকিল।