লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
পবিত্র হজ শেষ হওয়ার পরে প্রথম জুমা ছিল গতকাল। অধিকাংশ হাজি এখন মক্কায় অবস্থান করছেন। কিছু হাজি দেশে ফিরছেন, কিছু হাজি মদিনায়। লাখো মুসল্লি শুক্রবার জুমার নামাজ আদায় করেন কাবা শরিফে।
সৌদি আরবে অবস্থানরত যাঁদের প্রিয়জন হজ পালন করতে এসেছেন, তাঁরাও শরিক হন জুমার নামাজে। কারণ, হজের আগে সবার মক্কায় প্রবেশের অনুমতি ছিল না। কেউ কেউ রিয়াদ, দাম্মাম, তায়েফ, তাবুক, মদিনা ও জেদ্দা থেকে হজ করতে আসা মা–বাবা, ভাইয়ের সঙ্গে দেখা করেছেন।
কাবা শরিফের ইমাম জুমার নামাজে সুরা ফাতিহা পাঠ শেষ হলে মুসল্লিরা ‘আমিন’ বলে ওঠেন। আমিন ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ে এ প্রান্ত থেকে সে প্রান্তে।
মসজিদুল হারামে প্রবেশের জন্য ছোট-বড় শতাধিক পথে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি পথে পুলিশ তল্লাশি করেছে। ব্যাগ পরীক্ষার পর প্রবেশের অনুমতি মেলে। যাঁদের সঙ্গে বড় ব্যাগ ও ক্যামেরা ছিল, তাঁদের নামাজ আদায় করতে হয়েছে বাইরে। কারণ, এসব নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
সৌদি আরবের স্থানীয় সময় তখন সকাল ১০টা। জুমার নামাজ শুরু হতে দুই ঘণ্টা বাকি। স্রোতের মতো মুসল্লিরা মসজিদুল হারামের দিকে ছুটছেন। নারী-পুরুষ-শিশু সবাই অজু-গোসল সেরে নামাজ আদায় করতে যাচ্ছেন। অসুস্থ বা দুর্বল ব্যক্তিরা হুইলচেয়ারে মসজিদের দিকে রওনা হয়েছেন। নামাজের তিন ঘণ্টা আগেই মসজিদুল হারামের চারপাশের সব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাই হাঁটা ছাড়া উপায় ছিল না।
নামাজ শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রিয়জন ছেড়ে অনেক দূরে চলে গেছেন কেউ একজন। তবে তিনি পরম সৌভাগ্যবান। পবিত্র কাবা শরিফে জুমার নামাজ শেষে লাখ লাখ নামাজি শরিক হলেন তাঁর জানাজায়। কবর হবে পবিত্র মক্কার মাটিতেই। এবার বাংলাদেশের ৯১ জন হাজি মারা গেছেন হজ করতে গিয়ে।