লাখো মুসল্লির পদভারে মুখরিত তুরাগতীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব গতকাল শুরু হয়েছে। দুপুরে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা ।  ছবি: প্রথম আলো
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব গতকাল শুরু হয়েছে। দুপুরে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা । ছবি: প্রথম আলো

যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। অধিকাংশের পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। সবারই ঠিকানা—টঙ্গীর তুরাগতীর।
গতকাল শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। ফজরের নামাজের পর তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি ভারতের মাওলানা জামশেদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম।
শুরুর দিনেই জুমা। তাতে অংশ নিতে মুসল্লিদেরও ঢল। জুমার আগেই লাখো মুসল্লির পদভারে মুখর হয়ে ওঠে তুরাগতীর। টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। লাখো মুসল্লির জিকির-আসকার আর বয়ানে প্রথম দিন কাটে বিশ্বের অন্যতম বড় এই মুসলিম জমায়েতের। কাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৪৯তম বিশ্ব ইজতেমা। এর আগে গত ২৪ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু এবং ২৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়।
জুমার নামাজ অনুষ্ঠিত: জুমার নামাজ ঘিরে ভোর থেকেই তুরাগতীরে মুসল্লিদের ঢল নামে। ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে মুসল্লিদের জামাত। মূল প্যান্ডেলে জায়গা না পেয়ে অগণিত মুসল্লি রাস্তা কিংবা খোলা জায়গায় খবরের কাগজ, জায়নামাজ, পলিথিন বা হোগলা বিছিয়ে নামাজ আদায় করেন। জুমায় ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহামঞ্চদ যুবায়ের। বাদ জুমা বয়ান করেন বাংলাদেশের তাবলিগের মুরব্বি মাওলানা মোহামঞ্চদ হোসেন।
ইজতেমা আয়োজক কমিটির সাথি মো. মসিহ আলম জানান, ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ থেকে ২০ হাজার অতিথি এসেছেন। তবে প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে বিদেশি মেহমানের সংখ্যা কম।
মুসল্লিদের দুর্ভোগ: ইজতেমা ময়দানের উত্তর পাশে টঙ্গী-কামারপাড়া সড়ক এবং ঢাকা-ময়মনসিংহ সড়কে প্রচণ্ড ধুলাবালির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে মুসল্লিদের। কামারপাড়া সড়কের ধুলাবালি নিরসনে যোগাযোগ মন্ত্রণালয় ইজতেমা উপলক্ষে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে পাকা সড়কের দুই পাশে ইট বিছিয়েছে। কিন্তু সিটি করপোরেশনের পক্ষ থেকে পানি না ছিটানোয় ধুলা যাচ্ছে না বলে কয়েকজন মুসল্লি অভিযোগ করেন। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. সুলতান মাহমুদ এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
পাঁচ মুসল্লির মৃত্যু: গতকাল সকাল নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে হেদায়েত উল্লাহ (৭০) নামের এক মুসল্লির মৃত্যু হয়। নোয়াখালী সদরের বাতিয়া গ্রামের এই বাসিন্দা মাইজদী মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
এ ছাড়া আরও চারজন হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁরা হলেন মাগুরার শালিখা থানার হাজরাহাটি গ্রামের তোজাম সরদার (৭২), কুমিল্লার দেবীদ্বার থানার কুরচাব গ্রামের আবদুল লতিফ (৭৫), নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুরের নূরে আলম (৬৫) ও গোপালগঞ্জের মোকছেদপুর থানার ফকিরহাটখোলার আবদুর রব শেখ (৭০)। ইজতেমার মাসলেহাল (লাশের) জামায়াতের জিমঞ্চাদার আদম আলী এ তথ্য জানান।
চার হোটেলকে জরিমানা: মানসমঞ্চত খাবার পরিবেশন না করায় ইজতেমা মাঠের আশপাশের চারটি খাবারের হোটেলকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানান, গাজীপুর জেলা নির্বাহী হাকিমের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের তিনটি দল বৃহস্পতিবার থেকে গতকাল বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
কঠোর নিরাপত্তাব্যবস্থা: দ্বিতীয় পর্বে পুরো ময়দানকে ৩৮টি খিত্তায় ভাগ করা হয়েছে। এতে দেশের ৩৩টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র‌্যাব কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার স্থাপন করেছে। সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হচ্ছে সার্বিক নিরাপত্তা। খিত্তায় খিত্তায় সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এ ছাড়া বাইনোকুলার, মেটাল ডিটেক্টর, নৌ-টহল, চেকপোস্ট তো রয়েছেই। থাকছে র‌্যাবের হেলিকপ্টার টহলও।
মহাসড়কে যানজট: মুসল্লিদের বহনকারী গাড়ির চাপে গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কালীগঞ্জ সড়ক ও আশুলিয়া-সাভার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মুসল্লিরা হেঁটে ইজতেমাস্থলে যান। জুমার নামাজের পরও মুসল্লিদের ভিড়ে যানজটের সৃষ্টি হয়। এতে বিড়ম্বনায় পড়েন তাঁরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যানজট নিয়ন্ত্রণে হিমশিম খান।
চিকিৎসাসেবা: টঙ্গী হাসপাতাল ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে পরিচালিত তিনটি মেডিকেল ক্যাম্পে ও টঙ্গী হাসপাতালে গতকাল সকাল আটটা পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত চার হাজার ৩২৮ জন মুসল্লি চিকিৎসা নিয়েছেন। এঁদের মধ্যে শ্বাসকষ্ট, হূদেরাগ ও ডায়েরিয়ায় আক্রান্ত নয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ২৯ জনকে ভর্তি করা হয়েছে টঙ্গী হাসপাতালে। গাজীপুরের সিভিল সার্জন শাহ আলম শরীফ এসব তথ্য জানান। এ ছাড়া ইজতেমাস্থলের আশপাশে প্রায় অর্ধশত ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মুসল্লি চিকিৎসা নিয়েছেন।