লাগাতার অবরোধের সমর্থনে চট্টগ্রামে বিএনপির সমাবেশ
লাগাতার অবরোধের সমর্থনে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেছেন।
বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন এলাকায় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার এবং বাকলিয়া এলাকায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বুধবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে।
উভয় সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগের রাজনীতি গোপালগঞ্জে নির্বাসনে পাঠানো হবে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সরকারবিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, গুম, হত্যা ও মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে রাখার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তার হিসাব একদিন দিতে হবে।
বক্তারা আরও বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রীয় অর্থ অপচয় করে বিদেশি প্রভুদের ইশারায় ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচন করা হচ্ছে। এ জন্য ‘জনতার আদালতে’ বর্তমান শাসকগোষ্ঠীর বিচার করা হবে।
বক্তারা বলেন, গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য গুলশানের বাসভবন পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এতে হাসিনা সরকারের চেহারা ‘গণতান্ত্রিক স্বৈরাচার’ হিসেবে উন্মোচিত হয়েছে। গতকাল বিকেলে বাকলিয়ার সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এবং নাসিমন ভবনের সমাবেশে নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বক্তব্য দেন।
নাসিমন ভবনের সমাবেশে নগর জাসাসের নেতা কাজী আকবর ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন। আর বাকলিয়ার সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, বাকলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক ইছাক চৌধুরী প্রমুখ।