লাগাতার আন্দোলনের হুমকি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাগাতার আন্দোলনের মাধ্যমে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বিভক্তি ঠেকানোর ঘোষণা দিয়েছে বিএনপি।ডিসিসিকে দুই ভাগ করার প্রতিবাদে গতকাল শুক্রবার ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড, থানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। তাঁরা অখণ্ড ঢাকার দাবি জানিয়ে স্লোগান দেন এবং ব্যানার ও ফেস্টুন বহন করেন।মির্জা ফখরুল বলেন, গণবিরোধী সরকার ঢাকা বিভক্তির মাধ্যমে দেশের মানুষের হূ ৎপিণ্ড কেটে দুই ভাগ করার উদ্যোগ নিয়েছে। এর প্রতিবাদে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। এর পরও ঢাকা ভাগ থেকে সরে না এলে লাগাতার আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।মির্জা ফখরুল বলেন, এ দেশের একটি মানুষও ঢাকাকে ভাগ করতে চায় না। বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক, সাধারণ মানুষ—সবাই সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তিনি ডিসিসির বিভক্তিকে সংবিধানবিরোধী বলে দাবি করে বলেন, ‘এ জন্য একদিন কেবল প্রধানমন্ত্রী নয়, সব মন্ত্রীকেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ দেশের জনগণ তাঁদের বিচার করবেই, করবে।’২০০১ সালে নির্বাচনোত্তর সহিংসতা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনকে ‘মনগড়া’ বলে আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দলকে দমন করতেই ২৬ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার উদ্যোগ নেওয়া হয়েছে।সমাবেশে সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা বলেন, সরকার ঢাকার মর্যাদা নষ্ট করেছে। সবার বিরোধিতা সত্ত্বেও তারা একগুঁয়েমি ও স্বৈরাচারী কায়দায় মাত্র সাড়ে তিন মিনিটে ঢাকা ভাগের বিল পাস করেছে। তিনি ঢাকার মর্যাদা অক্ষুণ্ন রাখতে রোববার বিএনপির ডাকা হরতাল সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।