লাগাতার কর্মবিরতি কর্মসূচি স্থগিত, দুটি তদন্তকমিটি
বিজ্ঞানীদের লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) বিজ্ঞানীদের ডাকা গতকাল রোববারের অবস্থান ধর্মঘট ও লাগাতার কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে।
তবে আগামী বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা প্রতীকী কর্মবিরতি পালন করবেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে করা হবে সংবাদ সম্মেলন। বিআরআরআই বিজ্ঞানী সমিতির সভাপতি মো. আনছার আলী এ তথ্য জানিয়েছেন।
২২ জুলাই বিজ্ঞানীদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শনিবার রাতে বিআরআরআইয়ের উদ্ভিদ প্রজনন বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা শরীফুল ইসলামকে হবিগঞ্জে আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছে। গতকাল তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন বলে জানা গেছে। এর আগে আরও তিন কর্মকর্তাকে বিআরআরআই থেকে বদলি করা হয়।
দুটি তদন্ত কমিটি: গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজ্ঞানীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিআরআরআইয়ের শ্রমিকেরা। ওই ঘটনা তদন্তে বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী ওবায়দুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শনিবার বিআরআরআইয়ের পক্ষ থেকেও তিন সদস্যের আরও একটি কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠানের বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক এ এইচ ইকবাল আহমেদকে প্রধান করে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দুটি কমিটির চূড়ান্ত প্রতিবেদনের পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিআরআরআইয়ের মহাপরিচালক মো. সাইদুল ইসলাম। প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে কাজকর্ম হচ্ছে দাবি করে গতকাল তিনি প্রথম আলোকে বলেন, দুই পক্ষের উত্তেজনা কমাতে প্রতিষ্ঠানে সাময়িকভাবে সভা-সমিতি নিষিদ্ধ ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিক ব্যবস্থাপনা নীতিমালার আলোকে তিন শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ব্যবস্থা নেওয়ার আশ্বাস: বিজ্ঞানী সমিতির সভাপতি মো. আনছার আলী জানান, গত শনিবার দুপুরে ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিজ্ঞানী লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে লাগাতার কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়। সভায় বিএআরসির চেয়ারম্যান মো. ওয়ায়েস কবির, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশারফ হোসেন, বিএআরসির সদস্য ও পরিচালক (প্রশাসন) মিরাজ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ) মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিআরআরআই মিলনায়তনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজ্ঞানী সমিতির সাধারণ সভায় ঢাকায় বিএআরসির সামনে অবস্থান ধর্মঘট ও লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।