লাগাতার কর্মবিরতির ডাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে ১১ জানুয়ারি থেকে দেশের সব পাবলিক (সরকারি ও স্বায়ত্তশাসিত) বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তাঁরা বলেছেন, সরকার শিক্ষকদের আলোচনার আহ্বান জানালেও সিদ্ধান্তে পৌঁছানোর আগ পর্যন্ত তাঁরা কর্মবিরতিতে থাকবেন।
গতকাল শনিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে দুপুরে সংবাদ ব্রিফিং করে এই সিদ্ধান্ত জানানো হয়।
ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে, আর না। এর মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আহ্বান এলে শিক্ষকনেতারা আলোচনায় বসবেন। কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে যত দিন দাবি মেনে নেওয়া না হবে, তত দিন কর্মবিরতি প্রত্যাহার করা হবে না। এ সময় ক্লাস-পরীক্ষা ও সন্ধ্যাকালীন কোর্সের কার্যক্রমও বন্ধ থাকবে।
ফেডারেশনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে আজ রোববার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করে ক্লাসে যাবেন। তাঁরা শিক্ষার্থীদের কাছে নিজেদের দাবির বিষয়টি তুলে ধরবেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত কর্মবিরতি ও সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য তাঁরা সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন।
ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার যাতে ব্যাঘাত না ঘটে সে জন্য এত দিন নরম ও অহিংস কর্মসূচি পালন করেছি। কিন্তু সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পেছনে ফেরার বা অহিংস আন্দোলনের সুযোগ নেই।’ তিনি বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট অঙ্গীকার করেছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তিনি কথা রাখেননি। আমরা প্রতারিত হয়েছি।’
ব্রিফিংয়ে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষক নেতারা বলেন, এর আগের বৈঠকে শিক্ষকদের বিষয়ে অর্থমন্ত্রীর আক্রমণাত্মক বক্তব্যের নিন্দা জানানো হয়। সপ্তম বেতনকাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেসব সুযোগ-সুবিধা ছিল, তা থেকে কমিয়ে দেওয়ার ‘অপচেষ্টা’কে প্রত্যাখ্যান করা হয়। একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়।
শিক্ষকদের দাবিগুলো হলো অষ্টম জাতীয় বেতনকাঠামোতে আগের কাঠামো অনুযায়ী সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বহাল রাখা, সিনিয়র সচিবের পদমর্যাদায় গ্রেড-১ প্রাপ্ত অধ্যাপকদের ২৫ শতাংশকে উন্নীত করা, সরকারি কর্মকর্তাদের অনুরূপ সুবিধা নিশ্চিত করা, শিক্ষকদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি নিশ্চিত করা।
এসব দাবিতে আট মাস ধরে আন্দোলন করছেন শিক্ষকেরা। তাঁরা ইতিমধ্যে একাধিকবার প্রতীকী কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন। তবে পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত ছিল। এবার তাঁরা লাগাতার কর্মবিরতির ডাক দিলেন।
অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, সরকারের বর্তমান সিদ্ধান্তের ফলে নতুন প্রজন্মের মেধাবীরা শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেবেন না। এর মাধ্যমে উচ্চশিক্ষা সংকটের মুখে পড়বে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি গোষ্ঠী শিক্ষা খাতকে অস্থিতিশীল করার জন্য শিক্ষকদের মর্যাদা ভূলুণ্ঠিত করার চেষ্টা করছে। তাদের খুঁজে বের করতে হবে।